বাঘায় পুলিশ ছাত্র সংঘর্ষ আহত ১০
সুবিধামতো জায়গায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে গতকাল সোমবার রাজশাহীর বাঘায় ছাত্ররা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বাঘার শাহদৌলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা দিতে পাঁচ কিলোমিটার দূরের শরিফাবাদ কলেজ কেন্দ্রে যেতে হয়। যাতায়াতের দুর্ভোগ এড়াতে তারা উপজেলা সদরে অবস্থিত মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজে একটি নতুন কেন্দ্র স্থাপনের দাবিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে কলেজগেটের সামনে বাঘা-লালপুর সড়ক অবরোধ করে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ তাদের লাঠিপেটা করে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের ছোড়া ইটে পুলিশের দুই সদস্য আহত হন। এদিকে পুলিশের লাঠিপেটায় এক ব্যবসায়ীসহ আট শিক্ষার্থী আহত হয়। আহতরা হলেন বাঘা থানার পরিদর্শক (তদন্ত) হীরেন্দ্রনাথ, কনস্টেবল তোতা, কলেজ গেটের ব্যবসায়ী সাজদার রহমানসহ ৮ শিক্ষার্থী।
আহত শিক্ষার্থী দুর্জয় বলেন, কলেজ গেটে শান্তিপূর্নভাবে অবস্থানের সময় পুলিশ লাঠিপেটা করে।
কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিক বলেন, কয়েকজন শিক্ষার্থী কলেজের অফিসকক্ষে আশ্রয় নিলে সেখানেই তাদের লাঠিপেটা করে পুলিশ। অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব বলেন, আগামী ৩ এপ্রিল সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। দূরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে নানা বিড়ম্বনায় পড়তে হয় পরীক্ষার্থীদের। এ জন্য তারা উপজেলা সদরে নতুন একটি কেন্দ্র স্থাপনের দাবিতে বিক্ষোভ করে।
বাঘা থানার ওসি আলী মাহমুদ বলেন, বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করলে যানজট সৃষ্টি হয়। তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তখন এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।