বাঘায় বাক্প্রতিবন্ধী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘার বড়ছয়ঘটি গ্রামে গতকাল রোববার বাক্প্রতিবন্ধী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মীমাংসার আশ্বাস দেওয়ায় সারা দিনে ঘটনাটি পুলিশকে জানানো হয়নি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বড়ছয়ঘটি গ্রামের ওই বাক্প্রতিবন্ধী তরুণী গতকাল সকাল ১০টার দিকে গ্রামের বাঘা-লালপুর সড়কের পুলিশ বক্সের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় গ্রামের অনিক (২৫) তাঁকে পুলিশ বক্সের ভেতরে নিয়ে যান। দূর থেকে কয়েকজন বিষয়টি দেখে লোকজন ডেকে ঘটনাস্থলে এলেই অনিক দৌড়ে পালিয়ে যান।

ঘটনার পর মেয়ের মা বিষয়টি নিয়ে বাজুবাঘা ইউপির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের কাছে অভিযোগ করেন। তাঁরা রাতে বিষয়টি মীমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তিনি বাড়ি ফিরে যান।

গতকাল সন্ধ্যায় তোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি জানেন ধর্ষণের ঘটনা সালিসযোগ্য নয়। তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের কাছে বিষয়টি জানতে পাঠিয়েছেন। ঘটনা সত্য হলে বিষয়টি থানায় পাঠাবেন।

যোগাযোগ করা হলে ফজলুর রহমান বলেন, তিনি অপর একটি সালিসে থাকায় সারা দিন বিষয়টি নিয়ে বসতে পারেননি। এখন গিয়ে উভয় পক্ষের কাছে শুনবেন। ঘটনা সত্য হলে থানায় পাঠাবেন।

ঘণ্টা খানেক পরে ফজলুর রহমান বলেন, ঘটনা সত্য। উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে। তবে পরিবারের লোকজন মামলা করার চেয়ে স্থানীয় সালিসে বসতে বেশি আগ্রহী।

এ ব্যাপারে মেয়েটির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগে তাঁরা দেখবেন স্থানীয়ভাবে মীমাংসা হয় কি না। কারণ, তাঁদের দেশে বাস করতে হবে। এ কথা শোনার পরে ফজলুর রহমান বলেন, ‘কথাটা বলতে মেয়ের ভাইয়ের ভাষাগত ভুল হয়েছে। পরিবেশ এ রকম নয়। তারা যা চায় তা-ই করা হবে। আসামিকেও ধরা আছে।’

বাঘা থানার ওসি আমিনুর রহমান বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁদের কাছে কেউ অভিযোগ করেনি। তা ছাড়া পুলিশ বক্সে দিনের বেলায় পুলিশ থাকে না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।