বাঘায় বিদেশি নাগরিককে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলায় গতকাল সোমবার পাসপোর্ট কেড়ে নিয়ে ইরানের তিনজন নাগরিককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে। তাঁদের কাছ থেকে পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগী তিন বিদেশি হলেন আলী নাজাফি, লিমু আবাসী ও আলী আহামেদুল। তাঁরা বাঘায় ঘুরতে এসেছেন। এ ঘটনায় পুলিশ বাঘা উপজেলার মনিগ্রামের ইয়াজুল ও আরিফ নামের দুই ব্যক্তিকে আটক করেছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ওই তিন বিদেশি উপজেলার মনিগ্রাম বাজারের একটি দোকান থেকে একটি ‘কার্ডরিডার’ কেনেন। এর দাম পরিশোধের সময় দোকানি বুঝতে পারেন বিদেশিদের কাছে যুক্তরাষ্ট্রের ডলার আছে। তারপর কার্ডরিডারের দাম নিয়ে দোকানদার নানা বাহানা করতে থাকেন। একপর্যায়ে দোকানি ‘চোর চোর’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তিন বিদেশিকে মারধর করেন এবং তাঁদের পাসপোর্ট ও ডলার কেড়ে নেন।
পরে তিন বিদেশি বাঘা থানায় অভিযোগ করেন। এ পর্যায়ে পুলিশ এসে দোকানি ইয়াজুলের কাছ থেকে তাঁদের পাসপোর্ট ও ডলার উদ্ধার করে। ইয়াজুল এবং তাঁর বন্ধু আরিফকে আটক করে থানায় নেওয়া হয়।
গতকাল রাত আটটার দিকে ওসি বলেন, পাসপোর্ট ও ডলার ফেরত পাওয়ায় বিদেশিরা কোনো লিখিত অভিযোগ করতে চাচ্ছেন না। এখন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে আটক দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হতে পারে।