বাঘের হাড়গোড় ও হরিণ শিকারের ফাঁদসহ গ্রেপ্তার ১
বাগেরহাটের শরণখোলায় বাঘের (রয়েল বেঙ্গল টাইগার) মাথার খুলিসহ ১৫৭ টুকরা হাড়গোড় এবং হরিণ শিকারের প্রায় ১৫ কেজি ফাঁদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাউথখালী ইউনিয়নের উত্তর সোনাতলা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তির নাম সগীর ঘরামি (৩৮)। তাঁর বাড়ির পুকুর ও বসতঘর থেকে বাঘের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের হাড়গোড় পাওয়া গেছে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকালে বন বিভাগের একটি দল সগীরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকে আটক করা হয়। সগীরের দেওয়া তথ্যানুযায়ী সুন্দরবন থেকে শিকার করা বাঘের মাথার খুলি, চোয়াল, মেরুদণ্ডের হাড় এবং হরিণ শিকার করার নাইলনের দড়ির ফাঁদ উদ্ধার করা হয়। ছয়-সাত মাস আগে বাঘটিকে হত্যা করে চামড়াটি বিক্রি করে দেওয়া হয়।