বাঙলা কলেজে ছাত্রলীগ নেতা ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের সরকারি বাঙলা কলেজে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়েছেন কলেজ ছাত্রলীগের এক নেতা। আহত মাসুম রাজুকে (২২) গতকাল রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজু কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে তাঁর বন্ধুরা জানিয়েছেন।
ঢাকা মেডিকেল সূত্র জানায়, রাজুকে জরুরি বিভাগে অস্ত্রোপচারের পর ভর্তি করা হয়েছে। তিনি কলেজের স্নাতকের (পাস কোর্স) ছাত্র।
ছাত্ররা জানান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধ রয়েছে। রাজু ছিলেন সভাপতির পক্ষে। কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রাজুকে একা পেয়ে মারধর ও ছুরিকাঘাতে আহত করে প্রতিপক্ষ।
দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় কাউকেই আটক করা যায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।