টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাথরঘাটা গ্রামে আইন লঙ্ঘন করে কৃষিজমিতে একটি ইটভাটা গড়ে তোলা হচ্ছে। নির্মাণাধীন ওই ভাটার পাশে রয়েছে গ্রামীণ সড়ক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, বসতভিটা ও বনাঞ্চল।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী, কৃষিজমিতে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ কিলোমিটার, বনাঞ্চল থেকে ২ কিলোমিটার এবং ইউনিয়ন বা গ্রামীণ সড়ক থেকে অন্তত আধা কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু এ আইন লঙ্ঘন করে উপজেলার পাথরঘাটা গ্রামের লেবু মিয়া মা ব্রিকস নামের একটি ইটভাটা গড়ে তুলছেন।
সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন ওই ইটভাটার পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক রয়েছে। প্রায় ২৫ বিঘা কৃষিজমিতে ইটভাটাটি গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে মাটি ফেলে সীমানা তৈরি করা হয়েছে। রাস্তার পাশে ইট তৈরির জন্য মাটি এনে স্তূপ করা হচ্ছে। ভাটার ৪০০-৪৫০ গজ দূরে রয়েছে বনাঞ্চল। ১৫০-২০০ গজ দূরে পাথরঘাটা বাজার, পাথরঘাটা উচ্চবিদ্যালয়, দাখিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয়, কমিউনিটি ক্লিনিকসহ অন্তত শতাধিক বসতবাড়ি। ভাটার চিমনি তৈরির জন্য একটি সরিষা খেতের একপাশে ইট ও অন্যপাশে ইটের গুঁড়া রাখা হয়েছে।
ভাটার পাশেই দিনমজুর হোসেন আলীর বাড়ি। তিনি বলেন, ‘বাড়ির পাশে ভাটা হচ্ছে। প্রতিবাদ করেও কোনো কাজ হচ্ছে না।’
প্রতিবেশী মেহেদি হাসানের ভাটার পাশে ৪৬ শতক জমি রয়েছে। সেখানে তিনি প্রতিবছর ধান ও সরিষার আবাদ করেন। তিনি বলেন, ‘ইটভাটায় জমি দিতে রাজি হইনি। তারপরও লেবু মিয়া জোর করে জমির মাটি কেটে ইটভাটার সীমানা নির্ধারণ করেছেন।’
ভাটায় মাটি সরবরাহ করছেন মো. মধু নামের এক ব্যক্তি। তিনি বলেন, ইতিমধ্যে প্রায় ১০০ ট্রাক মাটি ফেলা হয়েছে।
ভাটার মালিক লেবু মিয়া বলেন, নিজের ও আত্মীয়দের প্রায় ৫০০ শতক ছাড়াও আশপাশের লোকজনের কাছ থেকে ভাড়া নিয়ে ৮০০ শতাংশ জমিতে ভাটা করা হচ্ছে। কারও জমি জোর করে ভাটার জন্য নেওয়া হয়নি।
বন বিভাগ মির্জাপুরের বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন, পাথরঘাটা এলাকায় সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। ওই স্থানে ইটভাটা করতে দেওয়া হবে না।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক আমিরুল ইসলাম বলেন, মা ব্রিকস নামে ইটভাটা করার ছাড়পত্রের আবেদন পেয়েছেন। সরেজমিনে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।