বাজারে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার সীমান্তবাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। গত বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কাজীপুর ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বাজারের দোকানগুলো থেকে ধোঁয়া উঠতে থাকে। এলাকাবাসী টের পেয়ে দ্রুত কাজীপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে জহুরুল ইসলামের ইলেকট্রনিকসের দোকান, শাফিউল ইসলামের মুদি দোকান, সেজুতী লাইব্রেরিসহ পাঁচটি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে কাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান হোসেন জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।