বাজারে আগুন দিয়ে মালামাল লুটপাট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের আখানগর বাজারে গত রোববার রাতে আটটি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তিন নৈশপ্রহরীকে মারধর করে কয়েকটি দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে।
আখানগর বাজারের ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত আখানগর বাজারে আসে। তারা বাজারের নৈশপ্রহরী আবদুল লতিফ, রফিকুল ইসলাম ও রহমত আলীকে মারধর করে। পরে তারা নুরুল ইসলামের ওষুধের দোকান ও চালের আড়ত, আনোয়ার হোসেনের মুদির দোকান, আজিমুলের কাপড়ের দোকান, লক্ষ্মণ চন্দ্রের ওষুধের দোকান, আবদুল গফুরের চালের গুদামসহ আটটি দোকনে আগুন লাগিয়ে দেয়। এ ছাড়া দুর্বৃত্তরা পরেশ চন্দ্রের সোনার দোকানসহ আরও কয়েকটি দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আখানগর গ্রামের বাসিন্দা আবদুল গনি ও বাজারের ব্যবসায়ী হায়দার আলী ইসলাম জানান, বাজারের এক শতক জমি নিয়ে একটি মামলায় আদালত আখানগর গ্রামের গোলাম মোস্তফার পক্ষে রায় দেন। রায় পেয়ে তিনি প্রশাসনের সহায়তা না নিয়ে নিজের বাহিনী দিয়ে গত ১২ আগস্ট বাজারের এক শতক জমির বিপরীতে ১০ শতক জমি দখল করেন। সে সময় তাঁর বাহিনী ২২টি দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আদালতে একটি মামলা করেন। এ পর্যায়ে মোস্তফা তাঁদের ওপর ক্ষিপ্ত হন। এর জের ধরে বাজারের জায়গা দখলে নিতে মোস্তফা এ ঘটনাটি ঘটিয়েছেন। এ সময় মোস্তফার লোকজন বাজারের বিভিন্ন দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলেও তাঁরা অভিযোগ করেন।
এ ব্যাপারে চিলারং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলুল হক জানান, গতকাল সোমবার সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ওই ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। কমিটির সদস্যরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান গতকাল বিকেলে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।