বাজারে এখনো বন্ধ প্রতিষ্ঠানের ওষুধ
ঔষধ প্রশাসন অধিদপ্তর ৩৪টি প্রতিষ্ঠানকে বাজার থেকে ওষুধ প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সব প্রতিষ্ঠান সেই নির্দেশ মানেনি। বাজার নজরদারি করে ১০টি প্রতিষ্ঠানের ওষুধ বাজারে পেয়েছে অধিদপ্তর।
গতকাল বুধবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ কথা বলেন। ৮ আগস্ট হাইকোর্ট মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০টি কোম্পানির সব ওষুধ এবং ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক সরবরাহ, বিক্রি বন্ধসহ সেগুলো বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর অধিদপ্তরের নেওয়া পদক্ষেপ জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মো. মোস্তাফিজুর রহমান বলেন, হাইকোর্টের লিখিত নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পাওয়ার পর অধিদপ্তর পদক্ষেপ নেবে। বাজার থেকে এসব কোম্পানির ওষুধ সরিয়ে ফেলতে প্রতিটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র্যাবকে লিখিতভাবে জানানো হবে।
অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. রুহুল আমিন বলেন, রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ জুন হাইকোর্ট ২০টি কোম্পানির সব ওষুধ এবং ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এরপর এসব প্রতিষ্ঠানের ওষুধ ও অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধ করে দেয় অধিদপ্তর। ১৬টি কোম্পানি সিলগালা করা হয় (তিনটি কোম্পানির অস্তিত্ব পায়নি অধিদপ্তর, একটিতে ওষুধ তৈরি হতো না)। এসব কোম্পানির ওষুধ ও অ্যান্টিবায়োটিক জব্দ করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয় অধিদপ্তর। তারপরও গত সপ্তাহে বাজারে ১০টি কোম্পানির ওষুধ পাওয়া গেছে। মহাপরিচালক বলেন, যেসব কোম্পানির ওষুধ পাওয়া গেছে বা যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে ওষুধের বাজার ১৬ থেকে ১৮ হাজার কোটি টাকার। এই বাজার বড় হচ্ছে। বর্তমানে ৪৬টি কোম্পানি ১২৩টি দেশে ওষুধ রপ্তানি করছে। দেশে লাইসেন্স আছে এমন ওষুধের দোকান ১ লাখ ২১ হাজার। আর লাইসেন্স নেই এমন প্রায় ১৯ হাজার দোকানে ওষুধ বিক্রি হয়।