বাজি ধরে ছাত্রীর শ্লীলতাহানি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় বাজি ধরে সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি ঘটানোর অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার এ ঘটনায় একই বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার সকাল আটটার দিকে প্রাইভেট পড়ে আসার পথে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে সঙ্গে থাকা নবম শ্রেণির এক ছাত্র তার এক সহপাঠীর সঙ্গে কোমল পানীয় টাইগার খাওয়ার বাজি ধরে প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু খায়। ঘটনা জানাজানি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করে দেয়। মেয়েটি অপমান সহ্য করতে না পেরে অভিভাবকসহ কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করে।
হতাশার সুরে ওই ছাত্রী বলে, ‘বেশ কিছুদিন ধরে ছেলেটি তাকে উত্ত্যক্ত করছিল। এখন এই ঘটনা জানাজানি হলে আমার যে কী হবে?’
ইউএনওর দায়িত্বে থাকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েদ মোমেন মজুমদার বলেন, মেয়েটি বলেছে, ওই ছাত্র প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। বুধবার ছেলেটি প্রকাশ্যে তার শ্লীলতাহানি করে। লিখিত অভিযোগটি থানার ওসির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কেশবপুর থানার ওসি মাহাতাব উদ্দীন জানান, মেয়েটির অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলায় দুজনকে আসামি করা হয়েছে। পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘বিষয়টি শুনে তখনই আমি উভয় পক্ষকে ডেকে মীমাংসা করে দিই। পরে মেয়েটি আইনের আশ্রয় নিয়েছে। ছেলেটির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা আমরা এখনই নিচ্ছি না।’