বাজিতপুর ও দিরাইয়ে সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গতকাল রোববার প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই দিন সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর :
কিশোরগঞ্জ: পুলিশ ও এলাকাবাসী জানান, পশ্চিম কুতুবপুর গ্রামের আমিরুল হক (৬৫) ও উজ্জল মিয়া (৩০) প্রতিবেশী। গত শনিবার রাত তিনটার দিকে উজ্জলের পক্ষের লোকজন বিলে মাছ ধরতে গেলে আমিরুল পক্ষ বাধা দেয়। এর জের ধরে উজ্জল পক্ষ গতকাল ভোরে বাড়িতে হামলা চালিয়ে আমিরুলকে বল্লম দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে উজ্জল মিয়া, নিকুল মিয়া (২২), তানজিল মিয়া (২০) ও দিদার মিয়াকে (২০) জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আমিরুলের ছেলে বশির মিয়া বলেন, একই কারণে তিন বছর আগে প্রতিপক্ষের হামলায় তিনিও পঙ্গু হয়ে যান। উজ্জল মিয়ার দাবি, তাঁদের কারও বল্লমের আঘাতে আমিরুল হকের মৃত্যু হয়নি।
সহকারী পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে বলেন, হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সুনামগঞ্জ: দিরাইয়ের সিকন্দরপুর গ্রামের নুরুল আমিনের ছেলে জুনায়েদ (১২) ও সুনু মিয়ার ছেলে সুমনের (১৪) মধ্যে সকাল সাড়ে নয়টার দিকে ঝগড়া হয়। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আবদুল মালিক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত ২০ জন। আহত ব্যক্তিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে জয়নাল আবদিনকে (৫০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুর পৌর শহরের টিসি সড়ক এলাকার একটি বাসা থেকে গতকাল বেলা ১১টার দিকে পুলিশ রিপা আক্তার (১৩) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে পৌর শহরের হালিমা দাখিল মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। রিপার মা আয়েশা বেগম বলেন, সকালে রিপাকে নাশতা দিয়ে পাশের বাড়িতে কাজ করতে যান তিনি। কিছুক্ষণ পরে এসে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছে রিপা। কারও সঙ্গে তাঁদের বিরোধ ছিল না। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।