কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। গত শনিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ইউনিয়নটির জোয়ারিয়া গ্রামে তিনি দুর্বৃত্তের হামলার শিকার হন। মুমূর্ষু অবস্থায় মোস্তফা কামালকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় গতকাল রোববার সকালে একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি স্বপন মিয়াকে প্রধান আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন কাওসার মিয়া, সম্রাট মিয়া, বাতেন মিয়া ও সাদেক মিয়া। তাঁরা জোয়ারিয়া গ্রামের বাসিন্দা এবং সভাপতি স্বপন মিয়ার অনুগত হিসেবে পরিচিত।
মোস্তফা কামালের পরিবারের সদস্যরা জানান, মোস্তফা কামালের বাড়ি জোয়ারিয়া গ্রামে। ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি হয় তিন বছর আগে। সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। গত শনিবার রাত ১০টার দিকে স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মোস্তফা। বাড়ির কাছাকাছি আসার পর একদল দুর্বৃত্ত গতিরোধ করে এলোপাতাড়ি কোপায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে শতাধিক সেলাই দিতে হয়েছে মোস্তাফা কামালকে।
মোস্তফা কামালের ছোট ভাই শামসু উদ্দিন বলেন, ‘আমার ভাই হামলাকারীদের চিনতে পেরেছেন। আমরা প্রায় নিশ্চিত যে এই হামলা স্বপনের ইঙ্গিতে হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি স্বপন মিয়া। তিনি বলেন, ‘নানা বিষয় নিয়ে মোস্তফার সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে। তবে বড় ধরনের কোনো দ্বন্দ্ব নেই। ঘটনার দিন আমি বাড়ি ছিলাম না।’
বাজিতপুর থানার এসআই শাখাওয়াত হোসেন বলেন, ‘এ ঘটনায় হামলা ও হত্যাচেষ্টা ধারায় মোস্তফা কামালের ছোট ভাই শামসু উদ্দিন অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে।’