বাজিতপুরে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় এক রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। এক বাড়িতে ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছেন। গত রোববার গভীর রাতে পৌর শহরের ভাগলপুর এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতেরা স্বর্ণালংকারসহ আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাত-আটজন ডাকাত প্রথমে ভাগলপুর এলাকায় আনোয়ারের বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে ঘরে ঢুকে তারা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতেরা চার ভরি স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। একই কায়দায় ডাকাতেরা প্রতিবেশী জিলহজ মিয়ার ঘরে ঢুকে আট ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়। প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতেরা জিলহজ মিয়ার স্ত্রী ফদিনা আক্তার (৩৫), ছেলে আলভি মিয়াসহ (১৫) তিনজনকে মারধর করে। ফদিনা বেগম বলেন, ডাকাতেরা প্রথমে তাঁর স্বামীর চোখ বেঁধে ফেলে। তাঁদের একটি কক্ষে আটকে রাখে। কক্ষ থেকে বের হয়ে প্রতিরোধ করার চেষ্টা করায় তাঁদের মারধর করা হয়।