হ্যান্ডবল খেলায় হেরে যাওয়ায় কিশোরগঞ্জের বাজিতপুর শহরের বেগম রহিমা বালিকা উচ্চবিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষকের নেতৃত্বে গত সোমবার বিজয়ী নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে ওই বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী আহত হয়েছে।
অপ্রীতিকর এ ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম সারজিল হাসান গতকাল মঙ্গলবার তিনটি কমিটি গঠন করেছেন। প্রতিটি এক সদস্যের কমিটিকে একদিনের মধ্যে তদন্ত শেষ করে আজ বুধবারের মধ্যে তাঁর কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্থানীয় সাংসদ আফজাল হোসেনের নির্দেশে ইউএনও এ তিনটি কমিটি গঠন করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলামের মাধ্যমে কমিটি তিনটি করা হয়। এরই মধ্যে কমিটির সদস্যরা তদন্তকাজ শেষ করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে স্কুলপর্যায়ে গ্রীষ্মকালীন হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়। গত সোমবার দুপুরে উপজেলা ডাকবাংলো মাঠে ওই দুটি বিদ্যালয়ের মধ্যে হওয়া ফাইনাল খেলায় নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল বিজয়ী হয়।
বিজয়ী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, হেরে যাওয়ার পর বেগম রহিমা বালিকা উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক সুফিয়া আক্তার বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের গালমন্দ করেন। পরে তিনি তাঁর বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে নিয়ে শহরের হরিসভা এলাকায় বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে ১১ শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদের মধ্যে বর্তমানে ষষ্ঠ শ্রেণির তামান্না আক্তার, সাবিকুন্নাহার, অর্পিতা হক, সাথি আক্তার এবং সপ্তম শ্রেণির শবনম মাহিয়া বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এদের মধ্যে তামান্না ও শবনম মাহিয়ার অবস্থা গুরুতর।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কমিটির সদস্যরা পৃথকভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত ওই দুই বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাক্ষ্য নিয়েছেন। গেছেন ঘটনাস্থলে। সেখানে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেন তাঁরা। পরে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা বলেন, দ্রুত স্বচ্ছ প্রতিবেদন পেতে একাধিক কমিটি করা হয়েছে। আজ বুধবার ওই দুটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নিয়ে ইউএনও সভা করবেন। তদন্ত প্রতিবেদনে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত শরীরচর্চা শিক্ষক সুফিয়া আক্তার জানান, তিনি বা তাঁর প্রতিষ্ঠানের কেউ আগে হামলা করেনি। বরং বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের উসকানি দিয়েছিল। একপর্যায়ে তাঁদের ওপর হামলা হলে বাধ্য হয়ে তাঁরাও পাল্টা হামলা চালান।