বাজিতপুরে গৃহবধূ ও হাজীগঞ্জে জেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গতকাল সোমবার এক গৃহবধূকে তাঁর স্বামী ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক জেলে খুন হয়েছেন।
বাজিতপুরে নিহত গৃহবধূর নাম ময়না বেগম (২৯)। তিনি কুকরারাই সিঁদুরবাড়ি গ্রামের ছিদ্দিক মিয়ার (৩৫) স্ত্রী। হাজীগঞ্জে হত্যার শিকার মৎস্যজীবীর নাম নিখিল চন্দ্র দাস (৪৮)। তাঁর বাড়ি ওই উপজেলার অলিপুর গ্রামে।
কুকরারাই সিঁদুরবাড়ি গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১২ বছর আগে ছিদ্দিক মিয়া ও ময়না বেগমের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর ছিদ্দিক মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই ময়নাকে মারধর করতেন। এ নিয়ে প্রায়ই কলহ হতো। এর জের ধরে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে ছিদ্দিক ছুরি দিয়ে ময়নার সারা শরীরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ময়নাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছিদ্দিক ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। ছিদ্দিকের মুঠোফোনও বন্ধ। এ কারণে এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বাজিতপুর থানার ওসি মকবুল হোসেন মোল্লা বলেন, ছিদ্দিক মিয়াকে প্রধান আসামি করে ময়নার বড় ভাই আহাদ মিয়া মামলা করেছেন।
হাজীগঞ্জ থানা-পুলিশ ও পরিবার সূত্র জানায়, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বাবা ও ভাইদের সঙ্গে নিখিলের বিরোধ ছিল। এর জের ধরে নয় মাস আগে নিখিল হাজীগঞ্জ বাজারে ভাড়া বাসায় ওঠেন। গত শনিবার দুপুরে নিখিল হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামে লোকনাথ সংঘের কমিটি গঠনের সভায় অংশ নেন। সেখান থেকে তাঁকে মুঠোফোনে একজন ডেকে নেন। তারপর থেকে তিনি নিখোঁজ হন। রোববার সন্ধ্যায় নিখিলের স্ত্রী রাধা রানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাধা রানী বলেন, গতকাল সকালে নিখিলের লাশ ডাকাতিয়া নদীতে পাওয়া গেছে বলে তাঁর শ্বশুর ননী গোপাল দাস খবর পাঠান। পুলিশ লাশ উদ্ধার করে। এরপর নিখিলের বাবা ও দুই ভাই পালিয়ে যান। তিনি বিকেলে ওই তিনজনকে আসামি করে মামলা করেছেন।
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, নিখিলের গলায় কাটা দাগ রয়েছে। গুম করার জন্য হত্যাকারীরা নদীর মধ্যে জালের খুঁটির সঙ্গে লাশ বেঁধে রাখে। তাঁকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে হেলেন চন্দ্র দাস নামের একজনকে আটক করা হয়েছে।