বাজিতপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মেসার্স হক ব্রিকস নামের একটি ইটের ভাটায় চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সেখানে গিয়ে তাঁরা সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করেন। পরে দায়ের হওয়া মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদরের বশাউল্লাহ এলাকার শিরীন বেগম (৪৫), টঙ্গিবাড়ী উপজেলার মিরতলা গ্রামের বিল্লাল হোসেন (৫৫), পিরোজপুরের কাউখালী উপজেলার কলাবুনিয়া গ্রামের আবদুল কাইয়ুম (২৬) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের স্বপন মিয়া (৩০) ও খানকাবাড়ি মধ্যপাড়ার সাদ্দাম খান (২৯)।
গতকাল শুক্রবার বাজিতপুর থানায় পুলিশি হেফাজতে থাকাকালে ওই ব্যক্তিরা সাংবাদিকদের কাছে নিজেদের পরিবেশবাদী সাংবাদিক দাবি করেন। বৃহস্পতিবার রাতে তাঁরা ইটের ভাটাটিতে যাওয়ার কথা স্বীকার করলেও চাঁদা দাবির কথা অস্বীকার করেন।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই পাঁচ ব্যক্তি ইটের ভাটাটিতে যান। সেখানে তাঁরা নিজেদের ঢাকার একটি সাংবাদিক সোসাইটির সদস্য পরিচয় দেন এবং জানান পরিবেশবিষয়ক সাংবাদিকতা তাঁদের পেশা। তাঁরা ভাটাটি ঘুরে দেখে এটির মালিকের খোঁজ করেন। একপর্যায়ে তাঁরা বলেন, ভাটাটি পরিবেশবান্ধব নয়। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হবে। তা এড়াতে চাইলে ৫০ হাজার টাকা দিতে হবে। এ কথা শুনে ভাটাটির পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হয়। তখন পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।
ভাটার মালিক বকুল মিয়া বলেন, ‘ঘটনা জানতে পেরে তিনি ভাটায় আসেন। কথা বলে মনে হয়েছে, ওই ব্যক্তিরা সাংবাদিক নন। চাঁদাবাজি করা তাঁদের মূল উদ্দেশ্য। তখন আমি পুলিশের সাহায্য নিয়েছি।’
বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। এতে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।