বাজিতপুরে ছাত্রী ও সরাইলে গৃহকর্মী ধর্ষণের শিকার
কিশোরগঞ্জের বাজিতপুরে গত শুক্রবার চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় জড়িত এক তরুণকে গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিশুটির বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তার বিরুদ্ধে গত শুক্রবার মামলা হয়েছে।
বাজিতপুরে ধর্ষণের শিকার হওয়া স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের অভিযোগ, ওই ছাত্রী গত শুক্রবার সকাল ছয়টার দিকে তাল সংগ্রহ করতে বের হয়। বাড়ির পাশের তালগাছের কাছে একা পেয়ে হিরুচিয়া ইউনিয়নের বলাই চন্দ্র দাস (২৬) নামের এক বখাটে মুখ চেপে ধরে ওই ছাত্রীকে পাশের জঙ্গলে নিয়ে যান। সেখানে দেড় ঘণ্টার মতো আটকে রেখে বলাই তাকে ধর্ষণ করেন। তালগাছের নিচে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। সকাল আটটার দিকে পরিবারের সদস্যরা তাকে জঙ্গল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর ওই ছাত্রী জানায়, বলাই তাকে ধর্ষণ করেছেন। এ ব্যাপারে চেষ্টা করেও বলাই চন্দ্র দাসের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ। ধর্ষণের খবর জানতে পেরে ওই ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল ক্লাস না করে বিচারের দাবিতে স্থানীয় সড়কে বিক্ষোভ করে। বিক্ষোভে নেতৃত্ব দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনিরুজ্জামান মনির ও প্রধান শিক্ষক আবদুল কাদির। মিছিল থেকে বলাইকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বাজিতপুর থানার উপপরিদর্শক অলক দত্ত বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে গতকাল সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক গৃহকর্মীকে (২০) ধর্ষণের অভিযোগে গৃহকর্তা স্বপন মিয়ার (৩৫) বিরুদ্ধে মামলা হয়েছে। ওই গৃহকর্মী গত শুক্রবার সন্ধ্যায় সরাইল থানায় মামলা দায়ের করেন।
মামলা এজাহার ও গৃহকর্মীর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পানিশ্বর ইউনিয়নের এক দিনমজুরের মেয়ে প্রবাসী স্বপন মিয়ার বাড়িতে ছয় মাস ধরে গৃহকর্মীর কাজ করছিলেন। সম্প্রতি স্বপন মিয়া দেশে আসেন। পাঁচ সন্তানের জনক স্বপনের দুই স্ত্রী আছেন। ১৪ আগস্ট রাতে স্বপনের পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। ওই রাতে স্বপন গৃহকর্মীকে জোর করে তাঁর শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করেন।
গৃহকর্মীর পরিবারের একাধিক সদস্য জানান, গ্রামের কয়েকজন মাতব্বর ঘটনাটিকে টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু টাকার বিনিময়ে বিষয়টি নিষ্পত্তি করতে কোনোক্রমেই রাজি হননি ওই গৃহকর্মী। পরে শুক্রবার সন্ধ্যায় মামলা করা হয়।
এ ব্যাপারে কথা বলার জন্য স্বপন মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, ‘আসামি গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালিয়েছি। আগামীকাল (আজ রোববার) বাদীর ডাক্তারি পরীক্ষা করা হবে।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলী আরশাদ জানান, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।