বাজিতপুরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক ব্যক্তি খুন
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোবারক হোসেন ভূঁইয়া (৩৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি একটি সামাজিক প্রতিষ্ঠানের জায়গা দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন তাঁকে বল্লম দিয়ে আঘাত করে খুন করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোবারক হোসেন ভূঁইয়ার বাড়ি উপজেলার পিরিজপুর ইউনিয়নের নিলখী গোতালিয়া গ্রামে। তিনি ওই সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১০ সালে স্থানীয় কয়েকজন ব্যক্তি নিলখী গোতালিয়া গ্রামে ‘আফজাল হোসেন এমপি কৃষক পাঠাগার ও প্রতিবন্ধী শিশু একাডেমি’ নামে একটি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। স্থানীয় এরফান উদ্দিনের দান করা ৪ শতাংশ জায়গায় ২০১১ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানের ঘর নির্মাণ করা হয়। ঘর নির্মাণের পর থেকে একই গ্রামের বাদল ভূঁইয়া প্রতিষ্ঠানটির বিরোধিতাসহ ওই জায়গায় কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালান। এক সপ্তাহ আগে বাদল ভূঁইয়ার নেতৃত্বে একদল লোক ঘরটি ভেঙে ফেলে। এ ঘটনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে জানানো হয়। ভেঙে ফেলা ঘর মেরামতের সময় গত বৃহস্পতিবার বিকেলে বাদলের নেতৃত্বে আবার হামলা চালানো হয়। এ সময় তাঁর অনুগত লোকজন মোবারককে বল্লম দিয়ে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় মোবারকের ছোট ভাই মোজাম্মেল হক ও তাঁদের ভাগনে রায়হান মোস্তফাও আহত হন।
এ ঘটনায় রাতে মোজাম্মেল হক বাদী হয়ে বাদল ভূঁইয়া, তাঁর ভাই মহুব ভূঁইয়া ও স্বীকৃত ভূঁইয়ার বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় গতকাল শুক্রবার ভোরে বাদল ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোজাম্মেল হক অভিযোগ করেন, বাদল দীর্ঘদিন ধরে সংগঠনের জায়গাটি দখলের চেষ্টা করছিলেন। সর্বশেষ গত বৃহস্পতিবার বাদল ও তাঁর লোকজনের হামলায় মোবারক হোসেন মারা যান।
পুলিশি হেফাজতে বাদল ভূঁইয়া বলেন, জনস্বার্থে তাঁরা চেয়েছিলেন ওই জায়গা দিয়ে রাস্তা করতে। কিন্তু সংগঠনের লোকজন তা করতে দিচ্ছিলেন না। তাঁদের পক্ষের কারও আঘাতে মোবারকের মৃত্যু হয়নি ।
বাজিতপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।