কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পিরিজপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্টকে মারধর করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
ওই সুপারের নাম আবু বক্কর সিদ্দিক। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিত স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
গতকাল মঙ্গলবার আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, পিরিজপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুর রউফ, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল মিয়া, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন মিয়া ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ঝিনুকের নেতৃত্বে তাঁর ওপর হামলা হয়।
মাদ্রাসাটির কয়েকজন শিক্ষক বলেন, পিরিজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম দাতা সদস্য হিসেবে দীর্ঘদিন মাদ্রাসাটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। গত ১ জানুয়ারি কমিটি ভেঙে আজহারুলের ছেলে আবদুল্লাহ আল মামুনকে সভাপতি করে অস্থায়ী (অ্যাডহক) কমিটি করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য ২৫ মে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এতে অভিভাবক, শিক্ষক, দাতা ও প্রতিষ্ঠাতা প্রতিনিধি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়জনকে জয়ী ঘোষণা করা হয়। ১৯ মে আবদুল্লাহ আল মামুনকে সভাপতি করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কিন্তু আওয়ামী লীগের একটি পক্ষ আবদুল্লাহ আল মামুনকে মেনে নিতে পারেনি। তারা কমিটির বিপক্ষে অবস্থান নেয়। এ নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। কমিটি ভেঙে দিতে পক্ষটি স্থানীয় সাংসদ আফজাল হোসেনের দ্বারস্থ হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে সুপারকে তলব করেন সাংসদ।
স্থানীয় ব্যক্তিরা বলেন, সোমবার রাত সাড়ে আটটার দিকে সুপার ব্যক্তিগত কাজে পিরিজপুর বাজারে যান। সেখানে আবদুর রউফ, বিল্লাল মিয়া, স্বপন মিয়া ও মো. ঝিনুকের নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা তাঁর গতিরোধ করেন। তাঁরা মামুনকে সভাপতি করার কারণ জানতে চান। একই সঙ্গে কমিটি ভেঙে নতুন কমিটি করার কথা বলেন। একপর্যায়ে তাঁরা সুপারকে মারধর শুরু করেন। স্থানীয় লোকজন সুপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে মামুনের পক্ষ লাঠিসোঁটা নিয়ে আসে। তখন দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই সেখানে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ও সাংসদ আসেন।
আবু বক্কর সিদ্দিক বলেন, ‘তিন দিন আগে সাংসদ আমাকে ফোন দেন। কমিটি কীভাবে করা হলো, তা জানতে চান। এ নিয়ে অসন্তোষ থাকার কথাও জানান। পরে সাংসদ আমাকে তাঁর সঙ্গে দেখা করার কথা বলেন। সাংসদের কথা অনুযায়ী আজ (মঙ্গলবার) তাঁর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এ অবস্থায় সোমবার রাতে আমাকে আবদুর রউফের নেতৃত্বে আওয়ামী লীগের একটি পক্ষ মারধর করে।’
জানতে চাইলে আবদুর রউফ বলেন, ‘সুপার বর্তমান সভাপতির অনুগত। তিনি গোপনে মামুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি করেন। গোপনে কেন কমিটি করা হলো, তাঁর কাছে জানতে চেয়েছিলাম। এতে তিনি ক্ষুব্ধ হন এবং একপর্যায়ে হাতে জুতা তুলে নেন। তখন উত্তেজনা দেখা দেয় এবং ধাক্কাধাক্কি হয়।’
স্বপন মিয়া বলেন, ‘সুপারের সঙ্গে সামান্য ঘটনার সূত্র ধরে মামুনের পক্ষ লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালান। তাঁদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়েছেন।’
সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, তিনি বা তাঁর পক্ষের কেউ পাল্টা হামলা চালায়নি। সুপারকে মারধর করায় স্থানীয় ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে তাঁদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মুহাম্মদ ইকবাল হায়াৎ বলেন, পরবর্তী সহিংস ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ মামলা করতে আসেননি।