বাজিতপুরে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিল্লাল মিয়া (৬৫) নামের এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় পুলিশ গতকাল বৃহস্পতিবার দ্বীন ইসলাম নামের এক ব্যক্তিকে ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
বিল্লাল মিয়ার বাড়ি বাজিতপুর পৌর শহরের পূর্ব ভাগলপুর মহল্লায়। গত সোমবার তাঁর ওপর হামলা চালানো হয়। তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দ্বীন ইসলামের বাড়ি পৌর শহরের চন্দ্রগ্রামে।
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেন বলেন, বিল্লালের হাত ও পায়ের হাড় ভেঙে গেছে।
থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী মহলের সঙ্গে সখ্য গড়ে তুলে দ্বীন ইসলাম বিল্লাল মিয়ার বাড়ির জায়গা দখল করার চেষ্টা করছেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছে। সোমবার সন্ধ্যায় বিল্লাল বাড়ির সামনে চায়ের দোকানে যান। সেখানে দ্বীন ইসলাম কয়েকজনকে সঙ্গে নিয়ে বিল্লাল মিয়ার ওপর হামলা চালান। তাঁরা রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে বিল্লালের হাত ও পা ভেঙে দেন। স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় বিল্লালকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন মঙ্গলবার দ্বীন ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বিল্লাল মিয়ার স্ত্রী জান্নাতুল ফেরদৌস মামলা করেন।
গতকাল বিল্লাল মিয়া বলেন, ‘একটি পক্ষ নানা অজুহাত দাঁড় করিয়ে আমার বাড়ির জায়গা দখল করার চেষ্টা করছে। তারা কিছুদিন আগে বাড়ির গাছ কেটে নিয়ে যায়। পুকুরের মাছও নিয়ে যায়। দখল প্রচেষ্টার বেশ কয়েকজনের মধ্যে দ্বীন ইসলাম একজন। জায়গার স্বত্ব ধরে রাখতে আদালতে আমি মামলা করেছি। এসব কারণে ক্ষুব্ধ হয়ে দ্বীন ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন আমার ওপর হামলা চালায়।’
বিল্লালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম ও সাবেক কমান্ডার মো. নূরুল হক। তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন।
দ্বীন ইসলাম বলেন, ‘আমি বিল্লাল মিয়ার জায়গাজমি দখলের সঙ্গে যুক্ত নই। হামলার ব্যাপারেও জানি না। চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে।’
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, দ্বীন ইসলামকে থেকে গ্রেপ্তার করে বাজিতপুর থানায় আনা হয়েছে।