বাজিতপুরে মেয়রসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলাকালে ফেনু মিয়া নামে এক ব্যক্তি নিহত হওয়ার তিন দিন পর ৩৪ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মামলাটি করেন নিহত ব্যক্তির ছেলে অন্তর মিয়া।
মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে বাজিতপুর পৌরসভার মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক এহসান কুফিয়াসহ আরও তিন কাউন্সিলরকে। তাঁরা হলেন প্যানেল মেয়র হারুন অর রশিদ, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিপন মিয়া ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাচ্চু মিয়া।
পুলিশ জানায়, পাওনা টাকা চাওয়া নিয়ে গত মঙ্গলবার দুপুরে উপজেলার কৈলাগ ও পৈলানপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কৈলাগ গ্রামের ফেনু মিয়া (৫০) নিহত ও পুলিশের সাত সদস্যসহ অন্তত ৬০ জন আহত হন।
অভিযোগ অস্বীকার করে ক্ষমতাসীন দলের নেতাদের ইঙ্গিত করে মেয়র এহসান কুফিয়া বলেন, কারও কারও বেলায় মামলা করা সহজ হয়ে গেছে। তিনি ক্ষমতাসীন দল ও নিজ দলের অভ্যন্তরীণ রাজনীতির শিকার বলে মন্তব্য করেন। বাজিতপুর থানার ওসি সুব্রত কুমার সাহা বলেন, হত্যা মামলায় কেউ গ্রেপ্তার হয়নি। তবে পুলিশকে লাঞ্ছিত করার মামলায় সুজন মিয়া, সাইফুল ইসলাম, বাছির মিয়া ও শামসুল আলম নামে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।