বাজিতপুরে সংঘর্ষে একজন নিহত
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গতকাল রোববার মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লায়েছ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে দক্ষিণ সরারচর গ্রামের দীন ইসলাম (২৪), মোহাম্মদ করিম (২২) ও গিয়াস উদ্দিনকে (৫৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার সরারচর ইউনিয়নের পুরানগাঁও ও দক্ষিণ সরারচর গ্রামের মাঝখানে একটি জলাশয় রয়েছে। ওই জলাশয় থেকে মাছ ধরা নিয়ে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে দক্ষিণ সরারচর গ্রামের জুয়েল মিয়া ও পুরানগাঁও গ্রামের ফারুক মিয়ার লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে চারজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে হিলোচিয়া ইউনিয়নের ভেটি চন্দ্রগ্রামের লায়েছ মিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, লায়েছ কোনো পক্ষের লোক ছিলেন না। তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ওই হামলার শিকার হন। থানার পরিদর্শক (তদন্ত) শেখ মুস্তাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।