বাজিতপুরে সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে পাওনা টাকা চাওয়া নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ফেনু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত এবং পুলিশের ৭ সদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কৈলাগ ও পৈলানপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের ১১টি সেল ও ৭৪টি রাবার বুলেট ব্যবহার করে।
নিহত ফেনু মিয়া কৈলাগ গ্রামের বাসিন্দা। পেশায় তিনি বয়লার শ্রমিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম সারজিল হাসান জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাজিতপুর বাজার, কৈলাগ, পৈলনপুর ও মথুরাপুর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বাজিতপুর বাজারের ব্যবসায়ী স্বপন মিয়ার কাছ থেকে জালাল উদ্দিন নামের আরেক ব্যবসায়ী ধার হিসেবে ৫০ হাজার টাকা নেন। পাওনা টাকা পরিশোধ না করায় গতকাল দুপুরে বাজারের কাঠপিট্টতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
ওই সময় কৈলাগ গ্রামের আল মামুন নামের এক তরুণ জালালের পক্ষ নেন। আর স্বপনের পক্ষ হয়ে কথা বলেন পৈলানপুর গ্রামের এরশাদ মিয়া। কথা-কাটাকাটির একপর্যায়ে মামুন স্বপনকে ধাপড় দেন। এ খবর নিজ নিজ গ্রামে ছড়িয়ে পড়লে বেলা একটার দিকে গ্রামবাসী লাঠিসোঁটা ও দা-বল্লম নিয়ে অটোরিকশাস্ট্যান্ডের কাছে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে চলাকালে বাজিতপুর বাজারের দুই পক্ষের সাতটি মুঠোফোন সেটের দোকান, একটি ডিজেল-মবিলের দোকান, একটি রিকশার যন্ত্রাংশের দোকান, চারটি কনফেকশনাির, দুটি মুদি দোকানে ভাঙচুর ও লুটপাট হয় এবং সাতটি অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় ফেনু মিয়া মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হন।
সংঘর্ষ ধামাতে গিয়ে বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানসহ পুলিশের সাতজন সদস্য আহত হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে কৈলাগ গ্রামের মনির মিয়া (৩৫), গাউস মিয়া (৩২), সুমন মিয়া (৩৫), রবিউল ইসলাম (২৬) ও পাভেল মিয়া (২৫) গুলিবিদ্ধ হয়ে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
ওসি সুব্রত কুমার সাহা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।