বাজিতপুরে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ অর্ধশত বাড়িঘর ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে পুকুরে গোসল করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে প্রায় অর্ধশত বাড়িঘর। গবাদি পশু ও স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
গতকাল শনিবার সকালে পৌর শহরের মথুরামপুর ও শাহপুর মহল্লার বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ ৪৬টি ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ সুপার আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সারজিল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ছারওয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় পুলিশ উভয় পক্ষের সাতজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মথুরাপুর মহল্লার পূর্বপাড়ায় একটি পুকুর রয়েছে। পুকুরটির মালিক শাহাপুর মহল্লার সানাউল্লাহ মিয়া। গত শুক্রবার বিকেলে মথুরামপুরের ওয়াহিদ মিয়ার বাড়ির কয়েকজন শিশু-কিশোর ওই পুকুরে গোসল করছিল। এতে সানাউল্লাহ মিয়া ক্ষিপ্ত হয়ে বকাঝকা করেন। শিশু-কিশোরদের গালমন্দ করায় ওয়াহিদ মিয়া সানাউল্লাহর ওপর চড়াও হন। সানাউল্লাহ এ বিষয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ রাতে ওয়াহিদ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। এই নিয়ে রাতেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
গতকাল সকাল সোয়া ১০টার দিকে উভয় পক্ষ লাঠিসোঁটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলে দুপুর পৌনে বারোটা পর্যন্ত। সংঘর্ষে চলাকালে সানাউল্লাহর পক্ষ নেন কৈলাগ, পাটুলী ও দিঘীরপাড় মহল্লার লোকজন।
এ সময় ওয়াহিদ মিয়া পক্ষের পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, ফরিদ মিয়া, লাল মিয়া, মো. রাতিব, মামুন মিয়া ও কিতাব আলী গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে রাজু আহমদকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ অন্যান্য লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। একই পক্ষের আহত ব্যক্তিদের মধ্যে পৌর প্যানেল মেয়র হারুন অর রশিদ, তাঁর ছোট ভাই আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনসহ, লিপা বেগম, শিপা বেগম, কাজল মিয়া, আতর আলী, রোমান মিয়া, শাওন মিয়া, মো. ফালু, মো. স্বাধীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সানাউল্লাহ পক্ষের সানাউল্লা মিয়া (৩৮) নাদিম মিয়া, হোসেন মিয়া ও জুয়েল মিয়া আহত হন। তাঁরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন।
রাজু আহমেদ জানান, প্রতিপক্ষ তাঁর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ১৬টি গরু, ১৫ ভরি স্বর্ণালংকার ও ৪ লাখ টাকা লুটে নিয়ে গেছে।
প্যানেল মেয়র হারুন অর-রশিদ জানান, হামলাকারীরা তাঁর ২০ ভরি স্বর্ণালংকার ৩ লাখ ৮৫ হাজার টাকা এবং তাঁর ভাই হেলাল উদ্দিনের ১৪ ভরি স্বর্ণালংকার ও ৪ লাখ টাকা নিয়ে যায়।
একই পক্ষের পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর মিয়াসহ আবু কালাম, আবদুর রশিদ, আশরাদ আলী, চাঁন মিয়া, লিলু মিয়া, গোলাপ মিয়া, নুরুল ইসলাম, হাবিবুর রহমানের বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা ২০-২৫টি ছাগল লুট করে নিয়ে গেছে।
এ ব্যাপারে চেষ্টা করেও ওয়াহিদ মিয়া পক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। তবে কোনো পক্ষই মামলা করেনি।