বাজিতপুরে সাত ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির অভিযোগে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোচিয়া বাজার থেকে গত সোমবার রাতে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকার বাদশা দেওয়ান (২৭), ডেমরার ডগাইর বাজারের আনোয়ার হোসেন (৩৪), বরিশালের উজিরপুর উপজেলার জহরপাড়া গ্রামের মো. রেজাউল (২৭), চাঁদপুরের বিষ্ণুপুর গ্রামের মো. আলামিন (২৬), ঝালকাঠির বড় একশেরাপাড়া গ্রামের মিজানুর রহমান (২২), কুমিল্লার তিতাস উপজেলার শাহাপুর গ্রামের মাহবুব হোসেন (২৮) ও মৌলভীবাজারের ইসলামপুর গ্রামের প্রিয়া আক্তার (১৯)।

পুলিশি হেফাজতে থাকাকালে ওই ব্যক্তিরা সাংবাদিকদের বলেন, তাঁরা সাংবাদিক সেজে অপরিচিত জায়গায় এসে চাঁদাবাজি করার পরিকল্পনা করেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, ওই সাতজন সোমবার মাইক্রোবাসে করে বাজিতপুর আসেন। তাঁরা কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ক্রাইম রিপোর্ট টোয়েন্টিফোর নামের একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দেন। এরপর নানা অজুহাত তুলে প্রথমে সংবাদ প্রকাশ করার হুমকি দেন। পরে চাঁদা দাবি করেন। একপর্যায়ে ব্যবসায়ীদের সন্দেহ হয়। তখন পুলিশকে জানানো হয়। পরে পুলিশ হিলোচিয়া বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করে।

সরারচর বাজারের মিষ্টির দোকানি মো. আলাউদ্দিন বলেন, ওই ব্যক্তিদের হাতে বড় ক্যামেরা ছিল। সাংবাদিক পরিচয় দিয়ে ঢাকা থেকে এসেছেন বলে জানান। একপর্যায়ে কোনো কিছু না বলেই মিষ্টি খেতে থাকেন। এরপর যেখানে মিষ্টি তৈরি করা হয় সেখানে নিয়ে যেতে বলেন। সেখানে গিয়ে পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন এবং পাঁচ হাজার টাকাচাঁদা দাবি করেন। পরে দুই হাজার টাকা ও দুই কেজি মিষ্টি নিয়ে যান।

একই এলাকার আরেক মিষ্টির দোকানি গোপাল ঘোষ বলেন, একই অজুহাত দেখিয়ে ওই ব্যক্তিরা তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যান।

বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে ব্যবসায়ীদের মধ্যে ভীতি ছড়িয়ে ওই ব্যক্তিরা কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে প্রতারণার অভিযোগে মামলা করেছে।