বাজিতপুরে সেই শিক্ষিকাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে হ্যান্ডবল খেলায় হেরে বিজয়ী নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার ঘটনায় বেগম রহিমা বালিকা উচ্চবিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষিকার জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
হামলা চালানোর ঘটনা তদন্তে উপজেলা প্রশাসন তিনটি কমিটি গঠন করেছিল। ওই তিন কমিটির প্রতিবেদনের প্রতিটিতে হামলার জন্য পরাজিত বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক সুফিয়া আক্তারকে দায়ী করা হয়। গত বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম সারজিল হাসানের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিবেদন পাওয়ার পর ইউএনও বুধবার রাত আটটার দিকে উপজেলা সভাকক্ষে সভা আহ্বান করেন। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারুওয়ার আলম, উভয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য এবং রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সভায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হামলার জন্য শরীরচর্চার শিক্ষক সুফিয়া আক্তারকে দোষী সাব্যস্ত করা হয়। এ ঘটনার জন্য সুফিয়া আক্তার দোষ স্বীকার করে ক্ষমা চান। তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জরিমানার টাকা আহত শিক্ষার্থীদের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল বলেন, তদন্তে মনে হয়েছে চাইলে শিক্ষক সুফিয়া হামলার ঘটনাটি এড়াতে পারতেন। এ ক্ষেত্রে তাঁর উত্তেজিত মনোভাবের কারণে বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে।
ঘটনার সূত্রপাতের পেছনে বিজয়ী স্কুলের শিক্ষার্থীদের কোনো দোষ পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে ইসমাইল বলেন, জয়ের আনন্দে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করছিল। এতে কেউ কেউ বিজিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে টিপ্পনী কেটেছিল।
গত সোমবার দুপুরে উপজেলা ডাকবাংলো মাঠে ওই দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়। এতে নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল বিজয়ী হয়। হেরে যাওয়ার পর ক্ষোভ থেকে সুফিয়া আক্তার তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হামলা চালিয়ে বিজয়ী বিদ্যালয়ের ১১ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন। এ নিয়ে ২৫ আগস্ট প্রথম আলোয় ‘মাঠে হেরে পথে মার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।