বাজিতপুরে হামলায় একজন নিহত, গ্রেপ্তার চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে প্রতিপক্ষের হামলায় ১ ব্যক্তি নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে খালের ভান্ডা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫৫)। গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে আনোয়ার মিয়া (৪২), নূরুল ইসলাম (৬৫), মেরাজ মিয়া (৩৫) ও কদর মিয়াকে (৪০) বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রফিকুলের বাড়ি উপজেলার হালিমপুর ইউনিয়নের নগর ভান্ডা গ্রামে। রফিকুল হালিমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিন্টু মিয়ার বড় ভাই। সরারচর ইউনিয়নের খালের ভান্ডা গ্রামের আলমগীর হোসেন ও জাহাঙ্গীর হোসেন অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছেন। রোববার দুপুরে মিন্টু মিয়া অটোরিকশাযোগে তাঁর কয়েকজন আত্মীয়কে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় অটোরিকশা আটকে চাঁদা দাবি করা হলে মিন্টু প্রতিবাদ করেন। তখন আলমগীর ও জাহাঙ্গীরের অনুসারীরা মিন্টুসহ তাঁর আত্মীয়দের নাজেহাল করেন।

এই ঘটনার বিচার চাইতে গত সোমবার রাত আটটার দিকে মিন্টুসহ ১০ থেকে ১২ জন সরারচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল মিয়ার কাছে যাচ্ছিলেন। ওই সময় খালের ভান্ডা গ্রামের পাক্কার মাথা এলাকায় আলমগীর ও জাহাঙ্গীরের নেতৃত্বে তাঁদের ওপর হামলা হয়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মিন্টুর পক্ষের ১০ জন আহত হন। তাঁদের মধ্যে রফিকুল ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় গতকাল মিন্টু বাজিতপুর থানায় হত্যা মামলা করেন।

তবে মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে আলমগীর মিয়া বলেন, তাঁরা কারও কাছ থেকে চাঁদা নেন না। মিন্টুর পক্ষের সঙ্গে আগের দিনের অপ্রীতিকর ঘটনার সূত্র ধরে সোমবার কথা-কাটাকাটি হয়। তবে রফিকুল কীভাবে মারা গেলেন, তা তাঁদের জানা নেই।

 এ বিষয়ে সরারচর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, খুনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এই পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।