বাঞ্ছারামপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে এসে আচরণবিধি লঙ্ঘন করেন। গতকাল উপজেলা পরিষদ কার্যালয় থেকে তোলা ছবি l প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে এসে আচরণবিধি লঙ্ঘন করেন। গতকাল উপজেলা পরিষদ কার্যালয় থেকে তোলা ছবি l প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, শেরপুরের নালিতাবাড়ী ও কিশোরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নেওয়ার জন্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বাঞ্ছারামপুরের কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ পাওয়া গেছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার নয়টি ইউনিয়নে প্রথম দফা নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এতে চেয়ারম্যান পদে ৩৭ জন, সাধারণ সদস্যপদে ২৬১ জন এবং সংরক্ষিত নারী সদস্যপদে ৮৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল কয়েকজন চেয়ারম্যান এবং এক সদস্য পদপ্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুর ১২টার দিকে পাহাড়িয়াকান্দি ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন তালুকদারের সমর্থনে সহস্রাধিক মানুষ উপজেলা পরিষদের ভেতরে মিছিল করেন। দুপুর একটার দিকে সোনারামপুর আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহীনের সমর্থনে চার-পাঁচ শ মানুষ মিছিল করেন। বেলা দেড়টার দিকে সোনারামপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্যপদে বেদন মিয়ার নেতৃত্বে শতাধিক মানুষ মিছিল করে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, কোনো কোনো প্রার্থী শোডাউন করেছেন। তদন্ত করে তাঁদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
নালিতাবাড়ী (শেরপুর): উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যপদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তাকর্তাদের কাছে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ১২ জন, বিএনপি সমর্থিত ১২ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সাধারণ সদস্যপদে ৩৫৫ এবং সংরক্ষিত নারী সদস্যপদে ১১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কিশোরগঞ্জ: গতকাল সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোট ৬৭ জন, সাধারণ সদস্য হিসেবে ৪৫২ জন ও সংরক্ষিত সদস্য হিসেবে ১৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।