বাঞ্ছারামপুরে ইউপি চেয়ারম্যানকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম ওরফে স্বপনকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার খাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

স্বপন চেয়ারম্যানের ছোট ভাই সাব্বির আহমেদ অভিযোগ করেন, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সাহেব নগর গ্রামের পরিবহন ব্যবসায়ী বাবুসহ তিন-চারজন ব্যক্তি স্বপন ভাইয়ের সঙ্গে বাড়িতে দেখা করে একটি উপহার দেওয়ার কথা বলে। এ সময় তারা কিছুক্ষণ কথাবার্তা বলে। পরে তারা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় স্বপন ভাই তাদের বাসার ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে ঘরে ফিরে আসে। এর দুই-তিন মিনিট পরই বাবু একা ঘরে প্রবেশ করে স্বপন ভাইয়ের ওপর এলোপাতাড়ি গুলি চালালে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন।’

সাব্বির জানান, গুলির শব্দে এলাকার লোকজন বাড়িতে ছুটে আসে। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘স্বপন চেয়ারম্যানের পেটে ও গলায় চার-পাঁচটি গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, ‘সফিকুল ইসলামের ওপর বাবু নামে এক ব্যক্তি গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কী কারণে গুলি করা হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খাল্লা গ্রাম থেকে বাবুর স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে রাতেই আটক করা হয়েছে। এখনো এ ঘটনায় মামলা হয়নি। ঘটনার পর থেকে বাবু পলাতক রয়েছে।’