বাঞ্ছারামপুরে কাল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর গ্রামে আগামীকাল শুক্রবার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও মো. শাহজাহানের মেয়ে সাজিদা আক্তারের (১২) সঙ্গে একই গ্রামের জসিম মিয়ার ছেলে মৎস্যজীবী জাকির হোসেনের কয়েক দিন আগে বিয়ে ঠিক হয়। মো. শাহজাহান জানান, বিয়েতে ৫০ জন বরযাত্রী যোগ দেবে।
গতকাল বুধবার মো. শাহজাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মেয়ে বড় হয়ে যাচ্ছে, সে জন্য বিয়ে দিচ্ছি।’
চরশিবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা জানান, সাজিদা ষষ্ঠ শ্রেণির ছাত্রী। শুক্রবার সাজিদার বিয়ে। সাজিদার বাবা মো. শাহজাহান তাঁকে দাওয়াত দিয়েছেন।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’