বাঞ্ছারামপুরে কৃষিজমিতে চলছে ইটভাটা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়িয়াকান্দির কৃষিজমিতে নির্মিত মনির হোসেন ও আবদুল লতিফের ইটভাটা l প্রথম আলো
পাহাড়িয়াকান্দির কৃষিজমিতে নির্মিত মনির হোসেন ও আবদুল লতিফের ইটভাটা l প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আইন লঙ্ঘন করে ৩০ বিঘা কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করছেন চার ব্যক্তি। তেজখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান ওরফে ফাজিল এর অনুমতি দিয়েছেন।
ফাইজুর রহমান বলেন, ‘থোল্লাকান্দির আবদুল লতিফ আমার বন্ধু। সে বলেছে, তারা কয়েকজন মিলে আকানগর গ্রামের উত্তর-পশ্চিম দিকে জমিতে একটি ইটভাটা করবে। বন্ধু বলেছে, সে জন্য লিখিত দিয়েছি ইটভাটা করতে।’ কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করা যায় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কৃষিজমিতে ইটভাটা করা যায় কি না, তা আমার জানা নেই। তা ছাড়া সারা দেশেই তো এভাবে হচ্ছে।’
তেজখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মকবুল হোসেন বলেন, ‘আকানগরে একটি ইটভাটা করবে, কিছু লোক আমাকে মাস খানেক আগেই বলেছে। আমার জানামতে, এখনো কাজ শুরু হয়নি। তাই এসি (ল্যান্ড) স্যারকেও জানাইনি।’
জানা গেছে, আকানগর গ্রামের মনির হোসেন, আন্তাজ আমিন, নবীনগর উপজেলার আবদুল লতিফ ও নরসিংদীর শিবপুর উপজেলার খগেন্দ্র চন্দ্র দাস ওরফে খোকন যৌথভাবে ওই ইটভাটা নির্মাণ করছেন। গত শনিবার আকানগরে গিয়ে দেখা যায়, গ্রামের উত্তর দিকে বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের পাশে কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করছেন ১০-১২ জন শ্রমিক। ১৭ দরজাবিশিষ্ট চুল্লির নির্মাণকাজ শেষের পথে। চুলার কাজ শেষ করেই চিমনি নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানান শ্রমিকেরা।
শ্রমিক হারুন মিয়া বলেন, ‘আমরা ছুলা নির্মাণের কাজ শুরু করেছি এক-দেড় মাস আগে থেকে। পুরা কাজ শেষ করতে আরও দু-তিন মাস সময় লাগবে।’ গ্রামের কৃষক হালিম মিয়া বলেন, ‘এসব জমিতে সারা বছর ধরেই ফসল করা যায়। মাটি অনেক উর্বর। কৃষিকাজের জন্য ভালো জমি এগুলি।’ কৃষক নায়েব মিয়া বলেন, ‘বছরে সাত হাজার টাকা দিবে কানিতে (প্রতি বিঘা)। ইটখোলা করার লাইগা ১০ বছরের জন্য ভাড়া দিছি জমি।’
আবদুল লতিফ বলেন, ‘দেড় মাস আগেই ডিসি স্যারের কাছে আবেদন করেছি। ইটভাটা নির্মাণ করতে অনুমতি এখনো পাই নাই। তবে পাব।’
খগেন্দ্র চন্দ্র দাস বলেন, ‘এই জমিতে ইটভাটা করতে দুই বছর ধরে ঘুরছি। তেজখালী ইউনিয়নের চেয়ারম্যান লিখিত অনুমতি দিয়েছেন। তা ডিসি অফিসে জমা দিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ বলেন, নিয়মনীতি লঙ্ঘন করে ইটভাটা নির্মাণ করা হলে তা বন্ধ করে দেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক মো. সায়েফ উল্যা তালুকদার বলেন, ‘তিন ফসলি জমি, আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে এবং এলজিইডির রাস্তার পাশে ইটভাটা নির্মাণ করা যাবে না। করলে তা অবৈধ হবে এবং পরিবেশের কোনো ছাড়পত্র দেওয়া হবে না।’
জেলা প্রশাসক মুহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আকানগরে ইটভাটা নির্মাণের জন্য কেউ আবেদন করেছে কি না, তা ফাইলপত্র দেখে বলতে হবে।’