বাঞ্ছারামপুরে চা বিক্রেতাকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আবদুল বাতেন (৪৫) নামের এক চা বিক্রেতাকে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের উলুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উলুকান্দি গ্রামের তারু মিয়া ব্যাপারীর ছেলে।
থানা-পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের উলুকান্দি গ্রামের চা বিক্রেতা আবদুল বাতেন গতকাল সোমবার বিকেলে গ্রামের উত্তর পাশে মেঘনা নদীর বাঁধের ওপর নিজের চায়ের দোকানে যান। চা বিক্রির পর রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে যান তিনি। পরে রাত তিনটার দিকে বাড়ির ২০০ গজ দক্ষিণে পতিত জমিতে আবদুল বাতেনের লাশ পড়ে থাকতে দেখেন তাঁর ছেলে ও স্ত্রী। মঙ্গলবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আবদুল বাতেনের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য আবদুল বাতেনের লাশ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির স্ত্রী জাহানারা বেগম জানান, সোমবার বিকেলে আছরের নামাজের পর বাড়ি থেকে নিজের চায়ের দোকানে যান আবদুল বাতেন। প্রতিদিন রাত ১২টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ির দিকে রওনা দেন। তবে রাত তিনটার সময়ও বাড়ি ফিরে না আসায় তিনি ছেলেকে সঙ্গে নিয়ে নদীর ধারে খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির কাছে একটা জমিতে স্বামীর লাশ পড়ে থাকতে দেখেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, নিহত ব্যক্তির মাথার পেছনে, কপালে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, আবদুল বাতেনকে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কোনো ধারণা করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।