বাঞ্ছারামপুরে টিআরের গম আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান এবং বেনামে বরাদ্দ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রকল্প কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে এসব গম আত্মসাৎ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০১৩-১৪ অর্থবছরে বাঞ্ছারামপুর উপজেলায় টিআরের ৭১টি প্রকল্পে ১২৬ মেট্রিক টন গম বরাদ্দ দেয়। এসব প্রকল্পের মধ্যে জেলা পরিষদের অধীন বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল ইসলাম আশ্রাফ মিলনায়তনে রং করার জন্য চার ও চরলোহনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের নামে দুই টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। ৩০ জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল।
এলাকাবাসীর অভিযোগ, চরলোহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো অস্তিত্ব নেই। আর বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল ইসলাম আশ্রাফ মিলনায়তনে রঙের কাজ করার কথা থাকলেও কোনো কাজই হয়নি। এভাবে এ দুটি প্রকল্পে বরাদ্দ দেওয়া গম তুলে বিক্রি করে তা আত্মসাৎ করা হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, চরলোহনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে কোনো বিদ্যালয়ের অস্তিত্ব নেই। ওই জায়গায় চরলোহনিয়া দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদের অস্থায়ী টিনের একটি ঘর রয়েছে।
৩ আগস্ট ফরদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতি আবদুল আজিজ বলেন, ‘আমরা কিছুদিন আগে চরলোহনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩৪ শতক জায়গা নিবন্ধন করে দিয়েছি। কিন্তু এখনো অনুমোদন পাইনি। যে স্থানে বিদ্যালয়টি হবে, তা নিচু হওয়ায় দুই টন টিআর বরাদ্দ পেয়েছি। তা দিয়ে মাটি ভরাট করে ফেলব।’
বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল ইসলাম আশ্রাফ মিলনায়তনের অস্তিত্ব থাকলেও কোনো কাজ হয়নি। ওই প্রকল্পের সভাপতি ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাত নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হোসেন কাজ করার কথা দাবি করে বলেন, ইউপির সচিব সাহেব যেভাবে কাজ করতে বলেছেন, সেভাবেই করা হয়েছে। ইউপি সচিব দবির হোসেন জানান, চেয়ারম্যান প্রকল্পের গম বরাদ্দ নিয়েছেন। এ ব্যাপারে তিনিই ভালো বলতে পারবেন।
ছয়ফুল্লাকান্দি ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম ওরফে তুষার দাবি করেন, ‘গত বছর মিলনায়তনের সামনে বালু ফেলেছি। তাতে অনেক টাকার ক্ষতি হয়েছে। সে জন্য টিআরের চার টন গম নিয়ে ক্ষতিপূরণের চেষ্টা করেছি।’
পিআইও মহিদুল আলম দাবি করেন, তাঁর সঙ্গে যোগসাজশ করে কেউ টিআরের বরাদ্দ আত্মসাৎ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক জানান, এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে ব্যয় করা বিধিসম্মত নয়। যদি এ কাজ কেউ করে, তবে তাঁর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।