বাঞ্ছারামপুরে ঢাকার ব্যবসায়ীর ওপর হামলা, বাড়ি-গাড়ি ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আনারুল ইসলাম নামে ঢাকার এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁর বাড়ি-গাড়ি ভাঙচুর করা হয়। হামলার ঘটনায় পুলিশসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার রূপসদী গ্রামে এ ঘটনা ঘটে।
থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সদস্য আনারুল ইসলামের ভাগনে রিয়াদুল হাছানের সঙ্গে গতকাল বেলা তিনটার দিকে পুরোনো বিরোধ নিয়ে রূপসদী গ্রামের কামরুল ইসলামের কথা-কাটাকাটি হয়। এ সময় রিয়াদুলকে মারধর করেন কামরুল। আনারুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে বিষয়টি জানতে চাইলে কামরুল ও তাঁর লোকজন তাঁকেও মারধর করেন। একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে আনারুলের বাড়ি ও গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। হামলায় আনারুলসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায় এবং কামরুলকে আটক করে। কামরুলের সহযোগীরা পুলিশের ওপর ইটপাটকেল ও টেঁটা নিক্ষেপ করলে রঘুনাথ রায় নামে এক পুলিশ সদস্য আহত হন।
বাঞ্ছারামপুর থানার পরিদর্শক কামরুজ্জামান তালুকদার ব্যবসায়ীর ওপর হামলা ও তাঁর বাড়ি-গাড়ি ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আনারুলের ভাগনে রিয়াদুল বাদী হয়ে গতকাল রাতে মামলা করেন। আজ রোববার ওই মামলায় কামরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।