বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গকুলনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। গত সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গকুলনগর গ্রামের আবদুল মোতালিবের ছেলে মো. রুবেলকে (১৮) সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে তিতাস নদে গোসল করার ঘটনাকে কেন্দ্র করে গকুলনগর গ্রামের আবদুল মোতালিবের মেয়ে অয়মি আক্তারের সঙ্গে প্রতিবেশী আবু ইউছুফের মেয়ে রোজিনা আক্তারের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বিকেল পাঁচটার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় ছয় নারীসহ অন্তত ১৪ জন আহত হন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, সোমবার দুপুরে গকুলনগর গ্রামের পাশে তিতাস নদে গোসল করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। তবে এ ঘটনায় কেউ মামলা করেনি।