বাঞ্ছারামপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গত শনিবার উপজেলার জয়নগর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে টেঁটাবিদ্ধ হয়েছেন ১১ জন। গুরুতর অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আকানগর এসইএফডিপি মডেল উচ্চবিদ্যালয় চত্বরে গত শুক্রবার গাছের চারা রোপণ করেন শাহ আলমপক্ষের লোকজন। তাতে নজরুল ইসলামপক্ষের লোকজন বাধা দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে শাহ আলমের সমর্থকেরা নজরুল ইসলামের সমর্থকদের বাড়িতে হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১১ জন টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় ১১ জনকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।