বাঞ্ছারামপুরে প্রধান শিক্ষক অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় উপবৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগে ফরদাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

বিদ্যালয় ও জনতা ব্যাংক বাঞ্ছারামপুর শাখা সূত্রে জানা গেছে, উপজেলার ফরদাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১৪ জন শিক্ষার্থী রয়েছে। বৃহস্পতিবার ওই সব শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তির ৩ লাখ ৪৫ হাজার ৫০ টাকা বিতরণ করার কথা। বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে উপবৃত্তির টাকা বিতরণ শুরু করেন প্রধান শিক্ষক নুরে আলম। পরে বিকেল চারটার দিকে শিক্ষার্থীদের টাকা কম দেওয়ার বিষয়টি সন্দেহ হলে অভিভাবকেরা উপবৃত্তির কার্ড দেখতে চান। এতে এক ঘণ্টা পর পাঁচটার দিকে কার্ড দেখে টাকা কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হলে স্থানীয় লোকজন প্রধান শিক্ষককে বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে বাঞ্ছারামপুর থানার পুলিশ রাত আটটার দিকে ওই শিক্ষককে উদ্ধার করে। টাকা বিতরণ করার সময় ব্যাংকের একজন কর্মকর্তা এবং সহকারী শিক্ষা কর্মকর্তা উপস্থিত থাকার কথা থাকলেও কেউ উপস্থিত ছিলেন না।

ফরদাবাদ গ্রামের অভিভাবক ফরিদ মিয়া বলেন, ‘আমার ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র। তার কার্ডে ৫০০ টেকা পাবে বলে উল্লেখ করা আছে। অথচ হেডমাস্টার তাকে ১০০ টাকা দিয়েছে। আমার ছেলের মতো অনেক শিক্ষার্থীকেই কম টাকা দেওয়া হয়েছে। এ জন্য হেডমাস্টারকে তাঁর অফিসে বন্দী করে রাখা হয়েছিল।’

জনতা ব্যাংকের বাঞ্ছারামপুর শাখার কর্মকর্তা মইনুল হক সাংবাদিকদের বলেন, ‘আমি বৃহস্পতিবার ছয়টি বিদ্যালয়ে টাকা বিতরণ করেছি। আমি একা সব দিকে সামলাব কী করে, দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সভাপতির কাছে আমি টাকা বুঝিয়ে দিয়ে এসেছি।’

প্রধান শিক্ষক নুরে আলম মুঠোফোনে বলেন, উপবৃত্তির টাকা কম দেওয়ার কথা বলে এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবক তাঁকে অবরুদ্ধ করে রাখে। পরে থানার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। টাকা কম দেওয়ার অভিযাগ সঠিক নয়।

বিদ্যালয়ের সভাপতি এ এস এম আবদুল্লাহ ওরফে শহিদুল্লাহ বলেন, ‘আমার কাছে নয়, প্রধান শিক্ষকের কাছে উপবৃত্তির টাকা দিয়েছেন ব্যাংকের লোকজন। পরে আমি শুনেছি এলাকাবাসী প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।’

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়েছে। টাকা কম দেওয়ার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ মাহমুদ বলেন, উপবৃত্তির টাকা নিয়ে অনিয়ম করার প্রমাণ পেলে অবশ্যই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।