বাঞ্ছারামপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রতাপগঞ্জ বাজার ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধে জমির নামজারি করতে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী এক ব্যক্তি উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ আগস্ট চরচুরানচর মৌজার ৩৮ শতক জমির নামজারি করতে আবেদন করেন উপজেলার খোষকান্দি গ্রামের ইতালিপ্রবাসী মো. মনির হোসেন। এ জন্য গত রোববার সহকারী কমিশনারকে (ভূমি) মুঠোফোন সেট কিনে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করেন উপজেলার প্রতাপগঞ্জ বাজার ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন। এ সময় মো. মনির হোসেনের সঙ্গে ছিলেন তাঁর চাচাতো ভাই আবদুল মান্নান। এদিন রাতে মনির হোসেন ইতালির উদ্দেশে দেশ ছাড়েন। পরদিন সোমবার তিনি মুঠোফোনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলামকে ঘুষের বিষয়ে জানান। এ ঘটনায় গত বুধবার আবদুল মান্নান উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।

এ সম্পর্কে কামাল হোসেন বলেন, ‘প্রবাসীদের জন্য দ্রুততম সময়ে নামজারি করে দেওয়ার কথা বলা আছে। কারও নাম উল্লেখ করে মনির হোসেনের কাছ থেকে কোনো টাকা নিইনি। তাঁরা দুজন জোর করে ১৫-১৬ হাজার টাকা আমার টেবিলের ড্রয়ারে দিয়ে গেছে। তাঁদের ওপর কোনো চাপচাপি করিনি।’

সহকারী কমিশনার (ভূমি) মো. দিদারুল আলম বলেন, ‘আমার নাম উল্লেখ করে ঘুষ নেওয়ার কথা শুনে ভীষণ অবাক হয়েছি। এ বিষয়ে তদন্ত শুরু করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান বলেন, জমির নামজারিতে ঘুষ নেওয়ার বিষয়ে তদন্ত করতে সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে কামাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।