বাঞ্ছারামপুরে সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত বছরের ইউপি নির্বাচনকে ঘিরে বাবা-ছেলে বিরোধের জের ধরে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।
গ্রামের বারিক মিয়া বলেন, গত ইউপি নির্বাচনে গ্রামের মরম আলী ও তাঁর বড় ছেলে হারিছ মিয়া নির্বাচিত হওয়া চেয়ারম্যান গাজী-উর-রহমানের পক্ষ হয়ে কাজ করেন। কিন্তু মরম আলীর ছোট ছেলে আবুল হোসেন কাজ করেন তৎকালীন চেয়ারম্যান আবদুল গণি তালুকদারের পক্ষ হয়ে। গাজী-উর ও গণি পক্ষের মধ্যে সেই বিরোধ এখনো জিইয়ে রয়েছে। গত বৃহস্পতি ও গতকাল সোমবারও দুপক্ষের মধ্যে দুদফায় সংঘর্ষ হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, ‘মামলায় আসামি করাকে কেন্দ্র করে বাবা-ছেলের বিরোধ বিবদমান দুটি পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। এরই জের ধরে সংঘর্ষ হয় বলে জানতে পেরেছি। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে শওকত আলী (২০), নাজিম উদ্দিন (৩০), মোহন মিয়া (৫০) নামের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজী-উর-রহমান পক্ষের কর্মী আনিছ মিয়াকে (১৮) প্রতিপক্ষের আবুল হোসেন ও তাঁর সাঙ্গপাঙ্গরা গত বৃহস্পতিবার রাতে মারধর করেন। এতে আনিছ আহত হলে তাঁর পক্ষের লোকজন আবার গিয়ে আবুল হোসেনের পক্ষের ওপর হামলা চালান। এই পাল্টাপাল্টি হামলায় আনিছ ও আবুল হোসেনসহ কয়েকজন আহত হন। ওই ঘটনায় আবুল হোসেনের পক্ষে আলাল মিয়া ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন। তাতে আবুল হোসেনের বড় ভাই ও প্রতিপক্ষের লোক হারিছকেও আসামি করা হয়। এতে বাবা ক্ষিপ্ত হয়ে ছোট ছেলে আবুল হোসেনকে মারধর করেন। বাবা-ছেলের এরই বিরোধ ছড়িয়ে পড়ে দুপক্ষের মধ্যে।
হারিছ মিয়া বলেন, ‘আমাকে আসামি করায় গতকাল সকাল সাতটার দিকে আবুলকে ডেকে কয়েকটি চড়-থাপ্পড় দেন আব্বা। আবুল গিয়ে এ ঘটনা তার লোকজনকে জানালে তারা হামলা চালায়। তখন মারামারির ঘটনা ঘটে।’
আবুল হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।