বাঞ্ছারামপুরে সংঘর্ষে ১০ জন আহত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মরিচাকান্দি বাজারে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে থানা-পুলিশ শটগানের ২১টি ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মরিচাকান্দি বাজার এলাকার লঞ্চ টার্মিনালের টোল আদায়কারী রাজীব মিয়া এক যাত্রীর কাছে টোলের তিন টাকা চান। এ সময় ওই যাত্রী ৫০০ টাকার নোট দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে মরিচাকান্দি গ্রামের বাসিন্দাদের সঙ্গে দুলারামপুর-শান্তিপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ শটগানের গুলি ছোড়ে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন ইসলাম মিয়া (২৫), দুলাল মিয়া (৪২), বুট্টু মিয়া (৪৫), বাবুল মিয়া (৪৫), নবী হোসেন (১৮) ও সজীব আহমেদ (১৭), মাহফুজুর রহমান (৪০), সাহীন আহমেদ (৪০), হেলাল হোসেন (২৭)। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের নরসিংদীতে চিকিৎসা দেওয়া হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, মরিচাকান্দি লঞ্চ টার্মিনালের টোল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শটগানের ২১টি ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। বর্তমানে মরিচাকান্দি বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।