বাঞ্ছারামপুরে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের চরছয়ানী গ্রামে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করেছেন ওই গ্রামের ১০ ব্যক্তি। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের চরছয়ানী গ্রামে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করেছেন ওই গ্রামের ১০ ব্যক্তি। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরছয়ানী গ্রামে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করেছেন ১০ ব্যক্তি। ছাত্রলীগের সাবেক এক নেতার সহযোগিতায় তাঁরা ওই দোকান নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজানচর ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের চরছয়ানী গ্রামে মধ্যপাড়ায় পুরোনো বেইলি সেতুর পশ্চিম পাশে ৫৫০ দাগে ৩১ শতক ও পূর্ব পাশে ৭১৯ দাগে ৫৫ শতক রাস্তা রয়েছে। এর মধ্যে ৫৫০ দাগে দোকান নির্মাণ করেছেন চরছয়ানী গ্রামের ১০ ব্যক্তি। এ কাজে তাঁদের সহায়তা করেছেন উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সুজন মিয়া।
গত মঙ্গলবার চরছয়ানী গ্রামে গিয়ে দেখা যায়, মধ্যপাড়ায় পুরোনো বেইলি সেতুর পশ্চিম পাশে দুই সারিতে ১০টি দোকান রয়েছে। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, চরছয়ানী গ্রামের আবদুল জলিল, মোশারফ হোসেন, মো. শকি, কাইয়ুম মিয়া, আনোয়ার হোসেন, অলেক মিয়া, সোহরাব হোসেনসহ ১০ ব্যক্তি ওই দোকান নির্মাণ করেছেন। এঁদের মধ্যে জলিল ও সোহরাবের দোকানের ভিটি পাকা করা হয়েছে।
চরছয়ানী গ্রামের রিয়াদ হোসেন বলেন, ‘আমি চার মাস আগে জলিলের কাছ থেকে প্রতি মাসে ৮০০ টাকা ভাড়ায় দোকান নিয়েছি।’ জলিল বলেন, ‘বাড়ির সামনে সরকারি জায়গা পইড়া রইছে, হের লাগি জায়গাতে ঘর তুইলা ভাড়া দিছি। কারোর অনুমতি লই নাই। কেউ আমারে ঘর তুলতে বাধা দেয় নাই। আর সরকার যহন কইবে, আমি জায়গা ছাইড়া দিমু।’
আনোয়ার বলেন, ‘আমরা নিজের জায়গায় দোকান দিয়েছি। জায়গা মেপে সরকারি হালট বাদ দিয়ে দোকান নির্মাণ করেছি। আমরা সরকারি জায়গা দখল করিনি। উত্তর পাশে যাঁদের দোকান, তাঁরা সরকারি জায়গা দখল করেছেন।’
মোশারফ, শকি, কাইয়ুম, অলেক ও সোহরাবের দোকানে গিয়ে তাঁদের না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মো. সুজন মিয়া বলেন, ‘রাস্তার পাশে সরকারি জায়গায় একটি বাজার করার জন্য তাঁদের সেখানে দোকান নির্মাণ করতে বলেছি। সরকারি জায়গা ছাড়া বাজার বসবে কোথায়, সে জন্য সরকারি জায়গায় দোকান নির্মাণ করেছেন এলাকাবাসী। আমার নিজের কোনো স্বার্থ নাই। রাস্তার পাশে সরকারি জায়গায় বাজার বসাতে অনুমতি নিতে হবে কেন, অনুমতির প্রয়োজন নাই। পাকা রাস্তার পূর্ব দিকে পাশের এক লোক বালু রেখেছেন, তিনি কিছুদিন পরে বালু সরিয়ে নিয়ে যাবেন।’
উপজানচর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, ‘চরছয়ানী মৌজায় ৫৫০ ও ৭১৯ দাগে যে জায়গা রয়েছে তা হলো হালট (রাস্তা)। ওই রাস্তা দখল করে দোকান নির্মাণ করার প্রশ্নই ওঠে না। আমি জায়গা ম্যাপ নিয়ে সরেজমিনে গিয়ে ব্যবস্থা নিব।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার বলেন, সরকারি জায়গা দখল করে কেউ বাজার বা দোকান নির্মাণ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।