বাঞ্ছারামপুরে হামলা, ভাঙচুর, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিজিএমইএর এক সদস্যের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এতে পুলিশের এক নায়েকসহ ছয়জন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে উপজেলার রূপসদী গ্রামে এ ঘটনা ঘটেছে।
থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিজিএমইএর সদস্য আনারুল ইসলামের ভাগনে রিয়াদুল হাছানের সঙ্গে শনিবার বেলা তিনটার দিকে পুরোনো বিরোধ নিয়ে রূপসদী গ্রামের কামরুল ইসলামের কথা-কাটাকাটি হয়।
এতে রিয়াদুলকে মারধর করেন কামরুল। এ সময় আনারুল বাড়ি থেকে বের হয়ে বিষয়টি জানতে চাইলে কামরুল ও তাঁর লোকজন তাঁকেও মারধর করেন।
একপর্যায়ে কামরুলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘর ও গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় আনারুল ইসলামের বাবা মো. ইদ্রিছ মিয়া, গাড়ির চালক দুলাল মিয়াসহ কাকলী আক্তার ও শেফালী আক্তার আহত হন।
খরব পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে।
কামরুলকে ছাড়িয়ে নিতে তাঁর সহযোগীরা পুলিশের ওপর ইট-পাটকেল ও টেঁটা নিক্ষেপ করেন। এতে পুলিশের নায়েক রঘুনাথ রায়ের পিঠে টেঁটা বিদ্ধ হয়। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় রিয়াদুল হাছান বাদী হয়ে শনিবার রাতেই কামরুল ইসলাম, আমির হোসেন, ইকবাল হোসেনসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
থানায় কামরুল ইসলাম বলেন, ‘আমি আনারুল ভাইয়ের ওপর কোনো হামলা করিনি। কিছু লোকের সঙ্গে যাতে মেলামেশা না করে, তা বলতে গিয়ে এ ঘটনা ঘটেছে।’
বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামরুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, কামরুলকে পুলিশ গ্রেপ্তার করলে তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক হামলা চালান। এতে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন। কামরুলকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।