বাটালি পাহাড় থাকবে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আমবাগান এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বাটালি পাহাড় কেটে তৈরি করা হচ্ছে পাঁচ তারকা হোটেল। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের আমবাগান এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বাটালি পাহাড় কেটে তৈরি করা হচ্ছে পাঁচ তারকা হোটেল। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো

পাঁচ তারকা হোটেল নির্মাণের জন্য এক মাস ধরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাটালি পাহাড় কাটার অভিযোগ উঠেছে। পরিবেশ অধিদপ্তরের শর্ত লঙ্ঘন করে পাহাড়ের এক পাশের কিছু অংশ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
চট্টগ্রামের লালখানবাজার, টাইগারপাস ও আমবাগানের বিস্তৃত এলাকাজুড়ে বাটালি পাহাড়ের অবস্থান। এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় হিসেবে স্বীকৃত। এই পাহাড়ের চূড়া থেকে একঝলকে পুরো শহরসহ বঙ্গোপসাগর দেখা যায়।
বাটালি পাহাড়ের আমবাগান এলাকার কিছু অংশের মালিকানা এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের। নিজেদের অংশে পাঁচ তারকা হোটেল নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। তবে এ কাজে পাহাড় কাটা হচ্ছে না বলে দাবি করেছেন ব্যবসায়িক এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তাঁরা বলছেন, পাহাড়ের অসমতল কিছু অংশ ছাঁটা হয়েছে মাত্র।
বাটালি পাহাড় কাটার বিরুদ্ধে স্থানীয় লোকজন গত রোববার টাইগারপাস এলাকায় মানববন্ধন করেছে। এই কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ারা বেগম। বাটালি পাহাড় তাঁর নির্বাচনী এলাকার মধ্যে পড়েছে। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘দিনদুপুরে এভাবে পাহাড় কাটা হচ্ছে, অথচ এ নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না।’ তিনি জানান, পাহাড় কাটা বন্ধে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার জানান, আকৃতি ঠিক রেখে যদি পাহাড়ের ওপরে ভবন করা হয়, তাহলে ঠিক আছে। কিন্তু বাটালি পাহাড় কাটা কোনোভাবেই কাম্য নয়। তিনি জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নিয়ন্ত্রণাধীন নগর উন্নয়ন কমিটির লোকজন কয়েক বছর আগে নিকেতনের ওই জায়গাটি পরিদর্শন করেন। তখন পাহাড় রক্ষা করে কী কী শর্তে হোটেলটি করা যায়, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছিল।
হোটেল নির্মাণের সঙ্গে যুক্ত এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তা জানান, টাইগারপাস এলাকার আমবাগান সড়কের পাশে বাটালি পাহাড় এলাকায় নিকেতন হোটেল অ্যান্ড রিসোর্টের জন্য দশতলা ভবন নির্মাণ করা হবে। গত এপ্রিল মাস থেকে নির্মাণকাজ চলছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, আমবাগান সড়কের পাশে বাটালি পাহাড় কাটার জন্য দুটি এক্সকাভেটর (খননযন্ত্র) ব্যবহার করা হচ্ছে। অন্তত ৫০ জন শ্রমিক পাহাড় কাটার কাজ করছেন। পাহাড়ের এক পাশ খাড়াভাবে কেটে ফেলা হয়েছে। সেখানে শহীদ নামের এক শ্রমিক জানান, এক মাসেরও বেশি সময় ধরে তাঁরা পাহাড় কাটছেন।
তবে পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের প্রধান প্রকৌশলী মো. মনজুর এলাহী আমবাগানে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে জানান, পরিবেশ অধিদপ্তরসহ সব সংস্থার ছাড়পত্র তাঁরা নিয়েছেন। তাঁর দাবি, পাহাড়ের কিছু অংশ ছাঁটা হয়েছে। পাহাড় কাটা হচ্ছে না। তিনি বলেন, ‘এটা একটা পাঁচ তারকা হোটেল হবে। এতে অনেক মানুষের কর্মসংস্থান হবে। এতে চট্টগ্রামের উন্নয়ন হবে।’
ছাড়পত্রে পাহাড় কাটার বিষয়ে বিধিনিষেধের বিষয়ে প্রকৌশলী মো. মনজুর এলাহী বলেন, পরিবেশের কোনো ক্ষতি তাঁরা করছেন না। ভবন নির্মাণের জন্য মাটি সমান করতে হবে। ওটাই করা হচ্ছে।
তবে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক আজাদুর রহমান মল্লিক গত সোমবার মুঠোফোনে প্রথম আলোকে জানান, গত বছরের নভেম্বরে অধিদপ্তর হোটেল নির্মাণের জন্য যে ছাড়পত্র দিয়েছে তাতে ৩২টি শর্ত দিয়েছিল। প্রধান শর্তই ছিল পাহাড় ও টিলা কাটা যাবে না। তিনি জানান, অধিদপ্তরের একজন সহকারী পরিচালক ও পরিদর্শক সরেজমিনে আমবাগান এলাকায় পাহাড় কাটার অভিযোগের সত্যতা পেয়েছেন। তাই হোটেল নির্মাণকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে অধিদপ্তর ব্যবস্থা নেবে।
পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তদন্ত করে বলতে হবে।
বাটালি পাহাড়ের ঐতিহ্য সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন বলেন, বাটালি পাহাড় শুধু চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড়ই নয়, এর চূড়ায় মুক্তিযুদ্ধের স্মারকও রয়েছে। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বাটালি পাহাড়ে শিখা চিরন্তনী স্থাপন করেছেন। এখানে প্রতিদিন অনেক লোক সকাল-বিকেলে হাঁটতে যায়।