মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরির টিকিট বুকিং কাউন্টারে সিরিয়ালের নামে পণ্যবাহী ট্রাকের চালকদের কাছ থেকে অতিরিক্ত এক থেকে দুই হাজার টাকা আদায় করা হচ্ছে। এ ঘটনায় কাউন্টারের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে ভুক্তভোগী কয়েকজন ট্রাকচালকের সঙ্গে কথা বলে ওই দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী থেকে বৈদ্যুতিক মোটর নিয়ে ফরিদপুরের উদ্দেশে পাটুরিয়া ঘাটে নদী পার হওয়ার জন্য আসেন ট্রাকচালক করিম মিয়া (৪৫)। তিনি বলেন, বুকিং কাউন্টারে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা দালালদের মাধ্যমে সিরিয়াল ভঙ্গ করে ফেরিতে ট্রাক পারাপারের সুযোগ দেন। ওই দিন সকালে তাঁর কাছে এক দালাল এসে ফেরিতে আগে ওঠার সুযোগ করে দেওয়ার কথা বলে ২ হাজার ৮০০ টাকা দাবি করেন। অথচ তাঁর তিন টন ওজনের ট্রাকের জন্য ফেরির ভাড়া ১ হাজার ৬০ টাকা। দালালদের চাহিদামতো টাকা না দেওয়ায় তিনি সিরিয়াল পাননি।
ট্রাকচালক রফিক মিয়া (৪৪) ও আমজাদ হোসেন (৫০) বলেন, গত মঙ্গলবার সকালে তাঁরা পাটুরিয়া ঘাটে আসেন। টিকিট নিলেও বুকিং কাউন্টারে অতিরিক্ত টাকা না দেওয়ায় বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত তাঁরা ফেরির সিরিয়াল পাননি। অথচ বুধবার সকালে পাটুরিয়ায় এসেও অতিরিক্ত টাকা দিয়ে বেশ কয়েকটি ট্রাক ফেরিতে নদী পার হয়েছে। তাঁরা বলেন, টিকিট কাউন্টারের কর্মচারী ও দালালেরা সিরিয়ালের নামে ফেরি ভাড়া ছাড়াও অতিরিক্ত এক থেকে দুই হাজার টাকা আদায় শুরু করেন। কৃত্রিম জটের সৃষ্টি করেও অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার মানিকগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোনায়েম খানের একটি ট্রাকের চালক জালাল উদ্দিন (৩০) পার্টিকেল বোর্ড নিয়ে মানিকগঞ্জ থেকে খুলনা যাচ্ছিলেন। ওই দিন রাত আটটার দিকে বুকিং কাউন্টারের একজন তাঁর কাছে আড়াই হাজার টাকা দাবি করেন। অতিরিক্ত টাকা দাবি করায় তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে টিকিট কাউন্টারের লোকজন জালালকে কাউন্টারের ভেতরে আটকে রেখে মারধর করেন। এর কিছুক্ষণ পর জালালকে ছেড়ে দিলে তিনি বিষয়টি ট্রাকের মালিককে জানান। খবর পেয়ে রাতেই পুলিশ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ সময় উপস্থিত ট্রাকশ্রমিকেরা বুকিং কাউন্টারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
ফেরির বুকিং কাউন্টারের এক কর্মচারী বলেন, বুকিং কাউন্টারের কম্পিউটার অপারেটর সোহেল রানা, বিআইডব্লিউটিসির পাটুরিয়ার টার্মিনাল সুপারভাইজার মিরাজ হোসেন, মো. শাহনেওয়াজসহ বেশ কয়েকজন এই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তাঁরা বিআইডব্লিউটিসির ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় এক প্রভাবশালী নেতার আস্থাভাজন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ মুহাম্মদ নাসিম বলেন, বুকিং কাউন্টারে ট্রাকচালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বৃহস্পতিবার মিরাজ ও শাহনেওয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে লিখিতভাবে সুপারিশ করা হয়েছে।