আদালতের নির্দেশনা সত্ত্বেও শরীয়তপুরের অধিকাংশ বিদ্যালয়ে এসএসসির ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাটুরীয়া মাধ্যমিক বিদ্যালয় এবং নড়িয়া বিহারি লাল উচ্চবিদ্যালয়সহ কমপক্ষে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব বিদ্যালয়ে এসএসসির ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়েছে। আদালতের নির্দেশনা জারির পরও এসব প্রতিষ্ঠান বাড়তি ফি ফেরত দেয়নি।
এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে দেড় হাজার টাকার বেশি ফি নেওয়া যাবে না বলে জানিয়ে দেয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
শিক্ষার্থী ও জেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরে এ বছর ১৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাড়ে ১০ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। জেলার বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে সাড়ে চার হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত ফি আদায় করেছে।
দেশের বিভিন্ন স্থানে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের ঘটনায় উচ্চ আদালত ২০ জানুয়ারির মধ্যে অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। আদালতের নির্দেশের পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ১২ জানুয়ারি চিঠি দিয়ে সব বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধানকে অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
নড়িয়ার বিহারি লাল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রাজীব চৌকিদার বলে, ‘আমার বিদ্যালয়ে মাথাপিছু ফরম পূরণে পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছে। তিন হাজার টাকা দিয়ে ফরম পূরণ করার জন্য স্যারদের কাছে অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু কাজ হয়নি। আমার বাবা দরিদ্র কৃষক। অনেক কষ্টে টাকা দিয়েছেন।’
গোসাইরহাট উপজেলার হাটুরীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবে খাদিজা খানম। তার বিদ্যালয়ে ফরম পূরণের ফি ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়। খাদিজার বাবা আনসার আলী স্থানীয় বাজারের চায়ের দোকানি। সুদে টাকা এনে মেয়ের পরীক্ষার ফি পরিশোধ করেছেন বলে তিনি জানিয়েছেন। এভাবে আরও অনেক গরিব অভিভাবক ঋণ করে সন্তানের এসএসসি পরীক্ষার ফি পরিশোধের কথা প্রথম আলোকে জানিয়েছেন।
হাটুরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বলেন, ‘ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার ফি নেওয়া হয়েছে। আদালতের কোনো লিখিত নির্দেশনা আমরা পাইনি। লিখিত পেলে ব্যবস্থাপনা কমিটির সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জেলা শিক্ষা কর্মকর্তা নলিনী রঞ্জন রায় বলেন, উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পর সব শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানপ্রধানেরা অতিরিক্ত ফি আদায়ের কথা অস্বীকার করেছেন। তার পরও লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।