বাড়তি ভাড়ায়ও মিলছে না ট্রাক, কাভার্ড ভ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল তৈরি পোশাক জাহাজীকরণের জন্যই প্রতিদিন গড়ে এক হাজারের বেশি ট্রাক ও কাভার্ড ভ্যান ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে ভেড়ে। টানা অবরোধে এখন তা প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে। স্বাভাবিক অবস্থার চেয়ে দেড়-দুই গুণ বাড়তি ভাড়া দিয়েও পণ্যবাহী গাড়ি মিলছে না। 
৭ জানুয়ারি অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা থেকে ২১২টি ট্রাক ও কাভার্ড ভ্যান বন্দরে ভিড়েছিল। ৮ জানুয়ারি ২২৮টি, ৯ জানুয়ারি ৫০৪টি, ১০ জানুয়ারি ৬১৫টি, ১১ জানুয়ারি ৪৯৫টি ও ১২ জানুয়ারি ৪০৩টি ট্রাক-কাভার্ড ভ্যান জাহাজীকরণের জন্য বন্দরে ভেড়ে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পুলিশ এ তথ্য জানায়।
তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এবং বিজিএমইএর বন্দর ও জাহাজের স্থায়ী কমিটির বর্তমান চেয়ারম্যান নাসিরউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গড়ে এক হাজারের বেশি তৈরি পোশাকবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে ভিড়ত। অস্থির পরিস্থিতির কারণে তা ৩০-৪০ শতাংশে নেমে এসেছে। এতে বিদেশি ক্রেতাদের কাছে তৈরি পোশাক পাঠাতে সমস্যা হচ্ছে। তিনি বলেন, দেড়-দুই গুণ বাড়তি ভাড়া দিয়েও ঢাকার পোশাক কারখানার মালিকেরা পর্যাপ্ত গাড়ি পাচ্ছেন না।
পরিবহন মালিক ও শ্রমিকেরা বলছেন, নাশকতার আশঙ্কায় মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের চলাচল কমে গেছে। এ কারণে পণ্যবাহী গাড়ির ভাড়া দেড় গুণের বেশি বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, পণ্য পরিবহনের এই নেতিবাচক প্রভাব আমদানি ও রপ্তানিতে পড়তে শুরু করেছে।
ভাড়া বাড়ানোর বিষয়ে চট্টগ্রাম আন্তজেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক চৌধুরী জাফর আহমেদ প্রথম আলোকে জানান, স্বাভাবিক অবস্থায় ঢাকা ও চট্টগ্রামের মধ্যে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান বা ট্রাকের ভাড়া ১৪-১৫ হাজার টাকা। অবরোধে নাশকতার আশঙ্কায় মালিকেরা গাড়ি রাস্তায় নামতে দিচ্ছেন না। এ কারণে এখন ভাড়া বেড়ে হয়েছে ২৪-২৫ হাজার টাকা।
জাফর আহমেদ বলেন, বেনাপোল থেকে চট্টগ্রাম পর্যন্ত পেঁয়াজসহ পণ্যবাহী ট্রাকের ভাড়া ৩৪-৩৫ হাজার টাকা। অবরোধের কারণে তা বেড়ে ৪৮ থেকে ৬০ হাজার টাকা হয়েছে। আমদানি ও রপ্তানিপণ্যের পরিবহন খরচ বেড়ে যাওয়ায় রপ্তানিকারক ও ভোক্তাদের ওপর চাপ বাড়ছে।
অবরোধের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানিও কমে গেছে। বেনাপোল থেকে প্রতিদিন গড়ে ৩০-৩২টি পেঁয়াজবাহী ট্রাক চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভিড়ত। গতকাল বুধবার পেঁয়াজ নিয়ে মাত্র চারটি ট্রাক খাতুনগঞ্জে এসেছে। মহাসড়কে ট্রাক চলাচল কমে যাওয়ায় আমদানি কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
খাতুনগঞ্জের মেসার্স সততা বাণিজ্যালয়ের মালিক অসীম চক্রবর্তী বলেন, ‘গাড়ি চলাচল কমে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে গেছে। এতে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বাজারে সাত-আট টাকা বেড়ে ৩৪-৩৫ টাকায় বিক্রি হচ্ছে।’
অসীম চক্রবর্তী বলেন, পেঁয়াজবাহী ট্রাকের ভাড়া ৩৪-৩৫ হাজার থেকে বেড়ে ৪৮ থেকে ৬০ হাজার টাকা হয়েছে। এ অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ সমস্যায় পড়বে।
মহাসড়কে নাশকতার আশঙ্কায় পণ্যবাহী গাড়ি চলাচল কমে যাওয়ার বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, ‘হাইওয়ে পুলিশ, র্যাব ও বিজিবি মহাসড়কে নিরাপত্তা বাড়িয়েছে। নগরের প্রবেশপথে আমরাও নিরাপত্তা বাড়িয়েছি। এর পরও ছোটখাটো কিছু ঘটনা ঘটছে। তাতে গাড়ি চলাচল কিছুটা কমেছে।’
বনজ কুমার মজুমদার বলেন, ‘পণ্যবাহী ট্রাক পোড়ানোসহ পাঁচটি নাশকতার ঘটনায় সরাসরি জড়িত এমন ১১ জনকে আমরা গ্রেপ্তার করেছি। এতে গাড়ির মালিকেরা আমাদের ওপর আস্থা রাখতে পারে।’