বাড়ি ও মাদ্রাসা ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বকসির ঘটিচোরা গ্রামে গত শনিবার এক ব্যবসায়ীর বাড়ি ও একটি মাদ্রাসায় ভাঙচুর চালানোর পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনার জের ধরে গতকাল রোববার ওই ব্যবসায়ীকে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।
আহত ব্যবসায়ীর নাম আলী হোসেন হাওলাদার। তাঁর বাড়ি বকসির ঘটিচোরা গ্রামে।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, পুলিশ আহত অবস্থায় আলী হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ওই দুটি ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, আলী হোসেন হাওলাদারের সঙ্গে একই গ্রামের বাসিন্দা তাঁর নিজের ভাই ও চাচাতো ভাইদের বিরোধ রয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগের বিরোধের জের ধরে চাচাতো ভাইদের প্রতিষ্ঠিত সবুজ নগর কারীমিয়া হাফিজিয়া প্রি-ক্যাডেট মাদ্রাসার ছাত্রদের চর-থাপড় মারেন আলী হোসেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষকেরা রাতে আলী হোসেনের বাড়িতে ভাঙচুর চালান। এ সময় তাঁর বাড়ির প্রধান ফটক, ঘরের জানালা ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। এর জের ধরে পরদিন সকাল সোয়া নয়টার দিকে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আলী হোসেনকে মারধর করে মাথা ফাটিয়ে দেন মাদ্রাসা পক্ষের লোকজন। সকাল ১০টার দিকে পুলিশ আলী হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুপুর ১২টার দিকে শতাধিক গ্রামবাসী আলী হোসেনের বিচারের দাবিতে মিছিল করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।
মাদ্রাসার শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, আলী হোসেন ও তাঁর স্ত্রী চায়না বেগমসহ তিন-চারজন মাদ্রাসায় ভাঙচুর চালান। এ সময় আলী হোসেন কয়েকজন ছাত্রকে মারধর করেন।
আলী হোসেন বলেন, ‘অনুষ্ঠানের মাইক আমার বাড়ির দিকে লাগিয়ে উচ্চ শব্দে বাজানোর কারণে আমি মাদ্রাসার ছাত্রদের বকাঝকা ও মাইক বন্ধ করে দিই। এর জেরে শনিবার ভাতিজা সৈয়দ হাওলাদার ও মাদ্রাসার শিক্ষক সিদ্দিকুর রহমানসহ স্থানীয়রা আমার বাড়ি ও গাড়ি ভাঙচুর করে। গতকাল আমাকে মারধর করে।’
এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল রহমানের ফোনে একাধিকবার রিং করা হলেও তিনি ধরেননি। তবে থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, উপজেলা চেয়ারম্যান আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যেতে চেয়েছেন।