বাড়ি কাছেই এমন বর্বরতা
কাজ শেষে বাড়ি ফিরছিলেন তাঁরা তিনজন। একজন পেশায় পিকআপচালক। অন্য দুজন পিকআপে পণ্য ওঠানো-নামানোর কাজ করেন। তাঁদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার লিচুবাগান এলাকায়।
সোমবার রাত সাড়ে ১০টা। রওজার হাট এলাকায় তাঁরা বালু নামিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি মহাজন বটতল এলাকায় আসার পর দুর্বৃত্তের ছোড়া পেট্রলবোমা হামলার শিকার হন পিকআপচালক আলী হোসেন (৪৬), শ্রমিক মো. দুলাল (৫৫) ও মো. সেলিম (৪০)। ঘটনাস্থল থেকে তাঁদের বাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার। দগ্ধ তিনজনেরই ঠিকানা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
মো. সেলিমের স্ত্রী স্বপ্না বেগম জানান, তাঁর স্বামী সকাল ছয়টায় কাজের উদ্দেশ্যে বের হন। রাতে ফেরার সময় বাড়ির কাছেই এমন ঘটনা ঘটল। তিনি বলেন, ‘আমরা গিরব মানুষ, আমাদের মেরে কী লাভ।’
সেলিমের তিন মেয়ে এক ছেলে। দুই মেয়ের বিয়ে হয়েছে। টানাটানির সংসারে একটু সাহায্য করার জন্য কিশোর বয়সেই ছেলে বেলালকে ফার্নিচারের দোকানে কাজ শিখতে দেওয়া হয়েছে। এখন সংসারের একমাত্র উপার্জনক্ষম এই মানুষটির জীবনই হুমকির মুখে পড়ল।
সেলিমের দুই হাত, বুক, মুখমণ্ডলসহ শরীরের ২০ ভাগ পুড়ে গেছে।
বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস মাহমুদ বলেন, তিনজনের মধ্যে সেলিমকে এখনই শঙ্কামুক্ত বলা যাবে না। বাকি দুজন সেরে উঠবেন বলে আশা করছি।
গাড়ির কাচ ভেঙে পেট্রলবোমাটি চালক আলী হোসেনের মাথায় পড়ে। এতে তাঁর মাথা ফেটে কাচ ঢুকে যায়। তাড়াহুড়া করে নামতে গিয়ে ডান পায়ে একটি হাড়েও চিড় ধরেছে। আগুনে পুড়ে গেছে বাঁ হাত, মাথাসহ শরীরের ৬ ভাগ। তাঁর শুশ্রূষা করছেন স্ত্রী আনু বেগম। তাঁর চোখে রাজ্যের অন্ধকার এখন। তিনি বললেন, ‘বাড়ির কাছাকাছি এসে এমন ঘটনা ঘটল!’
আলী হোসেনের দুই ছেলে এক মেয়ে। তিনি বললেন, ‘প্রতিদিন গাড়ি চালিয়েছি। কোনো দিন এ রকম হয়নি। আমরা খেটে খাওয়া মানুষ। গাড়ি না চালালে খাব কী?’
আলী হোসেনের পিকআপের সহকারী বালু নামানোর কাজ করেন সেলিম ও মো. দুলাল। দুলালের শরীরের ১৫ ভাগ পুড়ে গেছে বলে জানান চিকিৎসকেরা।
দুলালের ছয় মেয়ে ও এক ছেলে। স্ত্রী আয়েশা বেগম ও মেয়েরা কান্নাকাটি করছেন।