বাড়ি থেকে অপহরণ, এক সপ্তাহ পর গুলিবিদ্ধ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বাড়ি থেকে অপহরণ করার এক সপ্তাহ পর বাবলু মণ্ডল (৪০) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার হিঙ্গেরপাড়া গ্রামের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বাবলু জেলার মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি গ্রামের মৃত উড়ান মণ্ডলের ছেলে। তাঁর পরিবারের সদস্যদের দাবি, ২৩ সেপ্টেম্বর রাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে বাবলুকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে গুলি করে হত্যা করা হয়।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী বলেন, গতকাল সকালে হিঙ্গেরপাড়া গ্রামের মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাঁদের খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে তাঁর পরিচয় পাওয়া যায়।

ওসি জানান, তাঁর ধারণা, সন্ত্রাসীরা বাবলুকে ধরে এনে গুলি করে হত্যার পর এই স্থানে ফেলে রেখে গেছে।

মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন দাবি করেন, বাবলু মণ্ডল প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাবলু মণ্ডলের পরিবারের এক সদস্য দাবি করেন, ২৩ সেপ্টেম্বর রাত একটার দিকে ছয়-সাতজন লোক তাঁদের বাড়িতে এসে প্রশাসনের লোক পরিচয় দিয়ে বাবলু মণ্ডলকে ধরে নিয়ে যান। এরপর তাঁরা বিভিন্ন থানায় খোঁজ করেন, কিন্তু কোথাও পাওয়া যায়নি। গতকাল সকালে খবর আসে বাবলু মণ্ডলের লাশ পাওয়া গেছে। খবর পেয়ে তাঁরা সেখানে উপস্থিত হন।