বাড়ি থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রাতে ঘর থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করলে শিশুটিকে হত্যারও হুমকি দেওয়া হয়েছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
শিশুটির (১২) বাবা একজন দিনমজুর। শিশুটি ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা হলো মোজাম্মেল হক (২৮) ও মো. আলম (৩৫)।
শিশুটি ও তার পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত নয়টার দিকে খাবার খেয়ে শিশুটি ঘুমিয়ে পড়ে। পাশের কক্ষে ঘুমান তার মা। তখন তার বাবা ছিলেন বাড়ির বাইরে। রাত সাড়ে ১০টার দিকে বাবা বাড়ি ফিরে দেখেন, মেয়ের শোয়ার কক্ষের দরজা খোলা। তিনি বাড়ির সব জায়গায় খুঁজেও মেয়েকে পাননি। এ সময় তাঁর চিৎকারে আশপাশের সবাই ছুটে আসেন। সবাই রাতভর খুঁজেও শিশুটির কোনো হদিস পাননি। পরদিন সকাল সাতটার দিকে তাঁরা খবর পান, মোজাম্মেলের বাড়িতে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে শিশুটি। পরে সবাই ওই বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
শিশুটির ভাষ্য অনুযায়ী, ঘুমন্ত অবস্থায় তার গলায় ধারালো অস্ত্র ধরে মোজাম্মেল ও আলম। পরে তারা তাকে তুলে নিয়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তার হাত-পা ও মুখ বেঁধে রাতভর ধর্ষণ করে। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। চেতনা ফেরার পর দেখে, সে মোজাম্মেলের ঘরে পড়ে আছে।
শিশুটির মায়ের অভিযোগ, উদ্ধারের পর মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলে সন্ত্রাসীরা তাঁদের বাধা দেয়। হুমকি-ধমকির কারণে দিনভর তাঁরা থানায়ও যেতে পারেননি। পরে রাত আটটার দিকে ইউপি সদস্য আতাউর রহমানসহ কয়েকজন তাঁদের থানায় পৌঁছে দেন। তিনি আরও অভিযোগ করেন, থানায় যাওয়ার পর শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম মামলা না নিয়ে মীমাংসার প্রস্তাব দেন। এতে রাজি না হলে পরিদর্শক তাঁদের নানা ভয়ভীতি দেখান।
তবে এই অভিযোগ অস্বীকার করে পরিদর্শক জাহিদ বলেন, তিনি কোনো ভয়ভীতি দেখাননি। তাঁর দাবি, আলমের খালাতো ভাই সবুজের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল। প্রথমে সবুজ তাকে বিয়ে করতে চায়। পরে সবুজ তার মত বদলায়। এরপর মেয়েপক্ষ এ ঘটনা সাজিয়েছে।
কিন্তু শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাওনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান জানান, ধর্ষকেরা ও তাদের পরিবার তাঁকে বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য বলেছিল। কিন্তু তিনি নির্যাতনের ঘটনা জেনে ভুক্তভোগীদের থানায় পৌঁছে দেন।